এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় পরিবর্তন শুরুতেই। চোখ ধাঁধানো উদ্বোধনী থাকে আইপিএলের অন্যতম বড় আকর্ষণ। সাধারণত আগেরবারের চ্যাম্পিয়নের মাঠে হয় উদ্বোধনী অনুষ্ঠান। যদিও চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই।
গান-বাজনার সঙ্গে বলিউড তারকাদের নাচের তালে শুরু করার বদলে প্রথা ভেঙে একেবারে সাদামাটাভাবে মাঠে গড়াবে আইপিএলের ১২তম আসর। পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে অনুদান দিতে বাতিল করা হয়েছে উদ্বোধনী। অনুষ্ঠানে খরচ না করে অর্থ নিহতদের পরিবারকে দিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) বিনোদ রাই, ‘আমরা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করছি না। অর্থটা (অনুষ্ঠানের বাজেট) দেওয়া হবে পুলওয়ামা হামলার শিকার পরিবারগুলোকে।’
উদ্বোধনী ম্যাচে আজ রাতে চেন্নাইয়ের মাঠে আতিথ্য নেবে বেঙ্গালুরু। প্রথম দিনে একটি ম্যাচই। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জেতা চেন্নাই এবার নামছে টানা দ্বিতীয় ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। বিপরীতে বড় বড় তারকা নিয়ে দল সাজালেও এখনও পর্যন্ত শিরোপা জেতা হয়নি বিরাট কোহলির বেঙ্গালুরুর।
বাংলাদেশ থেকে এবারের আইপিএলে খেলছেন কেবল সাকিব আল হাসান। আগেরবারের ঠিকানা হায়দরাবাদেই আছেন এই অলরাউন্ডার। গতবার রানার্স-আপ হওয়া দলটির ২০১৯ সালের আসর শুরু হবে আগামীকাল, নিজেদের উদ্বোধনী ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার বিকেল ৪-৩০ মিনিটে।