দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯৮ রানে আউট হয়েছেন ম্যাক্সওয়েল। দলের স্বার্থে নিজের অর্জনের দিকে না তাকিয়ে ‘নিঃস্বার্থ’ ব্যাটিং করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ার শেষে সেঞ্চুরি মিসের আক্ষেপে কি পুড়বেন না ম্যাক্সওয়েল? উত্তরটা শুনুন তার মুখেই, ‘ক্যারিয়ারের পেছন দিকে তাকিয়ে মিস করা সেঞ্চুরি নিয়ে আমি ভাবতে যাব না। আমি ভাববো শুধুমাত্র জয় নিয়ে।’
ম্যাচসেরার পুরস্কার জেতা ম্যাক্সওয়েল ৮২ বলে খেলেন ৯৮ রানের অসাধারণ এক ইনিংস। যাতে ওয়ানডেতে টানা সপ্তম জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রশংসায় ভাসিয়েছেন স্বার্থহীন ব্যাটিং করা ম্যাক্সওয়েলকে। তিনি বলেছেন, ‘যেভাবে সে খেলেছে, তাতে আপনি কখনোই বলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল স্বার্থপর। দলের জন্য ও সবকিছু করেছে।’
১৪০ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহে নিয়ে যান ম্যাক্সওয়েল-অ্যালেক্স ক্যারি। তারা গড়েন ১৩৫ রানের জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতার পর ম্যাক্সওয়েল বলেছেন, ‘সেঞ্চুরি পেলে ব্যাপারটা দারুণ হতো, তবে যেভাবে খেলেছি, আমি সন্তুষ্ট।’
সঙ্গে যোগ করেছেন, ‘ক্যারির সঙ্গে জুটি গড়ে এমন একটি স্কোর গড়তে চেয়েছিলাম, যা দিয়ে আমরা লড়াই করতে পারব। আমি সত্যি গর্বিত যেভাবে খেলেছি। সেঞ্চুরি মিস করা খুব একটা মানে রাখে না আমার জন্য।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম