আফগানিস্তানের অধিনায়ক বদলের বিরুদ্ধে রশিদ-নবী

রশিদ খান ও মোহাম্মদ নবীতিন ফরম্যাটের অধিনায়কত্বে বদল এনেছে আফগানিস্তান। এতদিন ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া আসগর আফগানকে সরিয়ে দেশটির ক্রিকেট বোর্ড দায়িত্ব দিয়েছে গুলবাদিন নাইবকে। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অধিনায়কত্বে বদল আনার বিষয়টি মোটেও মানতে পারছেন না আফগান দুই তারকা রশিদ খান ও মোহাম্মদ নবী।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে আসগরকে। একই সঙ্গে তিন ফরম্যাটের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছে- টেস্টে রহমত শাহ, ওয়ানডেতে গুলবাদিন নাইব ও টি-টোয়েন্টিতে নেতৃ্ত্ব দেবেন রশিদ খান। অন্য দুই ফরম্যাট নিয়ে আলোচনা না উঠলেও বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ওয়ানডেতে অধিনায়ক পাল্টানো ভালো চোখে দেখছে না রশিদ ও নবী।

টুইটারে তারা পরিষ্কারভাবেই বোর্ডের সিদ্ধান্তে বিরোধিতা করেছেন, একই সঙ্গে সমর্থন জানিয়েছেন অধিনায়কত্ব হারানো আসগরকে। যার কাছে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নবী, সেই আসগরের পক্ষে টুইট করেছেন তিনি এই লিখে, ‘এই দলের সিনিয়র সদস্য ও আফগানিস্তানের ক্রিকেটকে বেড়ে ওঠার সাক্ষী হিসেবে আমি মনে করি, বিশ্বকাপের আগে এই মুহূর্তে অধিনায়ক বদলের সিদ্ধান্ত সঠিক নয়। আসগরের অধীনে দলটি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের নেতৃত্বে সে-ই (আসগর) সঠিক মানুষ।’

রশিদ টি-টোয়েন্টির নেতৃত্বের সঙ্গে ওয়ানডেতে গুলবাদিনের সহ-অধিনায়ক হয়েছেন। তবু তিনি অধিনায়কত্ব বদলের বিরুদ্ধে। তার কাছে এটি ‘দায়িত্বহীন ও পক্ষপাতমূলক’ সিদ্ধান্ত। টুইটারে সরাসরিই বোর্ডের বিরুদ্ধে মত দিয়েছেন এই লেগ স্পিনার, ‘নির্বাচন কমিটির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি দৃঢ়ভাবে অসম্মতি জানাচ্ছি এই সিদ্ধান্তের। এটা দায়িত্বহীন ও পক্ষপাতমূলক।’

টুইটের পরের অংশে আগসরকে সমর্থন দিয়ে রশিদ লিখেছেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আমাদের সামনে। আসগর আফগানেরই আমাদের অধিনায়ক থাকা উচিত। দলের সাফল্যে তার অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র কয়েক মাস পর যেখানে বিশ্বকাপের মতো বড় আসর, সেখানে অধিনায়কত্ব বদল অনিশ্চয়তা তৈরি ও দলের মনোবলে আঘাত করতে পারে।’ ক্রিকইনফো