বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়লো সেই ৮ পথশিশু

দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত পথশিশুরা‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশের ৮ পথশিশুর দল। বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে রবিবার সন্ধ্যা ৭টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়েছে স্বপ্না-রুবেলরা।

আগামী ৩ মে ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত থেকে শুভেচ্ছা দূত হিসেবে এখানে থাকছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরও থাকছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা এবং ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার।

সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা হবে স্বপ্নাদের। কিন্তু শুধু তাদের দেখেই ফিরে আসতে চায় না তারা। বিশ্ব জয়ের আকাঙ্ক্ষা লালন করে রেখেছে তারা, ‘আমরা সুবিধাবঞ্চিত শিশুরা যে পিছিয়ে নেই, ওখানে সেটা প্রমাণ করতে চাই। সবাইকে তাক লাগিয়ে বিশ্ব জয় করতে চাই।’

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, মরিশাস ও নেপাল সহ মোট ৯ দেশের ১০টি দল খেলবে সিক্স এ সাইডের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায়। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের জন্য প্রথমে ঢাকা মেট্রোর কোচ গাফফার সাইমন ও পরে কোচ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ৩ সপ্তাহের একটি প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করে দেয় বিসিবি। রাজধানীর মোহাম্মদপুরের সোনালী সংঘ মাঠে নিয়মিত অনুশীলন করেছে তারা।

দেশ ছাড়ছে পথশিশুরাক্যামব্রিজে প্রথম ধাপের ম্যাচ শেষে লর্ডসে হবে ফাইনাল। বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে এবং সংসদ সদস্যদের সঙ্গে খেলবে একটি প্রীতি ম্যাচ।

গত ১৯ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনে ‘৮ পথশিশুর বিশ্বকাপ স্বপ্ন পূরণে বাধা পাসপোর্ট!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে আরও বেশ কয়েকটি গণমাধ্যম এই শিশুদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরীর সই করা ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর বরাবর এক চিঠিতে এই ৮ শিশুর পাসপোর্ট ইস্যু করতে লিডো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়।

অবশেষে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা শেষে হাসি ফোটে স্বপ্না-নিজামদের মুখে। এরপর ইংল্যান্ডের উদ্দেশে বিমানে চেপে সেই হাসিটা হয়েছে আরও চওড়া।