একটুর জন্য ফাইনালের স্বপ্নভঙ্গ

মাঠে নামার আগে বাংলাদেশের টিম মিটিংস্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপে একটুর জন্য ফাইনালে যেতে পারলো না বাংলাদেশ। মঙ্গলবার সেমিফাইনালে বাংলাদেশ মাত্র ২ রানে হেরেছে দক্ষিণ ভারতের কাছে।

লন্ডনে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেটে ৩৪ রান করে দক্ষিণ ভারত। জবাবে ৩ উইকেটে ৩২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাই একটুর জন্য ফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। শিরোপা লড়াইয়ে দক্ষিণ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এই সিক্স-এ সাইড টুর্নামেন্টে ফাইনালে যেতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। শেষ চারে ওঠার পথে উত্তর ভারতকে হারিয়েছিল রাসেল-স্বপ্নারা।

বাংলাদেশের শিশুরা শুধু বিশ্বকাপে খেলারই সুযোগ পায়নি। টুর্নামেন্টের পর আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালেও অংশ নেবে তারা। ব্রিটিশ সংসদ সদস্যদের আমন্ত্রণে তারা হাউজ অফ কমন্সের বিশেষ ডিনারে যোগ দেবে এবং সংসদ সদস্যদের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে।

রাসেল-স্বপ্নাদের লন্ডন যাওয়ার পথটা সহজ ছিল না অবশ্য। নানা জটিলতায় পাসপোর্ট পেতে বেশ দেরি হয়েছিল তাদের। অবশেষে গত ২৮ এপ্রিল লন্ডনের পথে রওনা হয় শিশুরা।