খেলা হবে তো?

মেঘে ঢাকা ডাবলিনের আকাশ। ছবি: পিটার বয়েড টুইটারখেলা শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকেল ৩-৪৫ মিনিট। সেই হিসাবে তিন ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে। খেলা শুরু তো ‍দূরে থাক, ডাবলিনের বৃষ্টিতে টস পর্যন্ত হয়নি বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের। তাই প্রশ্নটা আরও জমাট বাধছে- খেলা হবে তো?

এবারের বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। আয়োজক দেশের কন্ডিশনে সঙ্গে মিল থাকায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নেমেছে বাংলাদেশ। বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা দারুণ হয়েছে টাইগারদের। সিরিজের অন্য দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে তারা মিশন।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগেই শুরু হয় বৃষ্টি। থেমে থেকে হওয়া বৃষ্টিতে এখন ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কায়। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছিল, তখনও বৃষ্টি হচ্ছে ডাবলিনে।

তবে ঘণ্টাখানেক পর আইরিশ সাংবাদিক পিটার বয়েড দিয়েছে আরও হতাশাজনক খবর। নিজের টুইটারে বৃষ্টিভেজা মাঠের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অবস্থার কোনও উন্নতি নেই। ম্যাচ পরিত্যক্ত হওয়াটা এখন সময়ের অপেক্ষা।’

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ তাদের লাইভ আপডেটে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২-৩০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭-৩০ মিনিট) মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিসিয়ালরা। এই ম্যাচে রেফারির দায়িত্বে আছেন আলিম দার ও মার্ক হাওথ্রোন। মাঠ দেখার পর তারা সিদ্ধান্ত নেবে ম্যাচের ব্যাপারে।