ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশের সেই পথশিশুরা

পথশিশুস্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপ খেলতে লন্ডনে যায় বাংলাদেশের ৮ পথশিশু। প্রতিযোগিতার বাইরে ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সূচি ছিল তাদের। বৃহস্পতিবার ছিল সেই দিন। ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে প্রীতি ম্যাচ ও ভোজে অংশ নিয়েছিল এই শিশুরা।

ব্রিটিশ পার্লামেন্টের ঠিক পাশেই ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনসে হয়েছে প্রীতি ম্যাচটি। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ২০ ওভারের ম্যাচে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সুবিধাবঞ্চিত শিশুদের বিশ্বকাপে একটুর জন্য ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। গত মঙ্গলবার সেমিফাইনালে মাত্র ২ রানে হেরেছে তারা দক্ষিণ ভারতের বিপক্ষে।

হারলেও জীবনের অন্যতম সেরা সময় পার করেছে বাংলাদেশের ৮ পথশিশু। লন্ডন ভ্রমণ এবং ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে খেলা ও ডিনারে অংশ নেওয়ার সুযোগ কজনইবা পায়। স্বপ্নের এই ভ্রমণ শেষে আগামীকাল (শনিবার) ভোর ৫-৩০ মিনিটে দেশে পৌঁছাবে এই পথশিশু ক্রিকেট দল।

যদিও তাদের লন্ডন যাওয়ার পথটা সহজ ছিল না। নানা জটিলতায় পাসপোর্ট পেতে বেশ দেরি হয়েছিল তাদের। অবশেষে গত ২৮ এপ্রিল লন্ডনের পথে রওনা হয় শিশুরা।