শনিবার ব্রিস্টলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ফিট থাকলে এই ম্যাচে ওয়ার্নারকে ওপেনিংয়ে দেখা যাবে নিশ্চিত করেছেন ল্যাঙ্গার। এর আগে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এই অসি ব্যাটসম্যানকে।
অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘গত বুধবার ব্যথা পেয়েছিল ওয়ার্নার, ডান পায়ে। কিন্তু সে খেলতে উন্মুখ হয়ে আছে, দলের ১৫ জনের সবার মতোই সে খেলতে ভালোবাসে। সে ঠিকভাবে লাফালাফি করছে, হাসছে- এটা ভালো ইঙ্গিত। সত্যিই খেলতে আগ্রহী সে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সে যেন স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারে বিশেষ করে ফিল্ডিংয়ে।’
ওয়ার্নারের খেলা না খেলার সিদ্ধান্ত জানাতে শনিবার পর্যন্ত সময় নেওয়া হবে না জানান ল্যাঙ্গার। তিনি না খেললে তার বদলি কে হতে যাচ্ছে সেটা আগেই জানানোর পক্ষে তিনি। ওয়ার্নারের থাকা সম্পূর্ণ নির্ভর করছে শতভাগ ফিট থাকার ওপর। ল্যাঙ্গার বলেছেন, ‘লম্বা টুর্নামেন্ট, আমরা চাই না শুরুতেই ঝুঁকি নিতে। যদি সে ফিট থাকে, তাহলে প্রথম ম্যাচে ওপেনিং করবে।’
ওয়ার্নার যদি খেলেন তবে উসমান খাজা বা শন মার্শের যে কোনও একজনকে টপ অর্ডারে রাখবেন ল্যাঙ্গার। আর ৩২ বছর বয়সী এই অসি ওপেনার না থাকলে জায়গা হবে দুজনেরই।