খেলার সিদ্ধান্তটা শুধু তামিমের ওপরেই

অনুশীলনে কয়েকটি কঠিন ক্যাচ নিয়েছেন তামিমরবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তামিম ইকবাল? বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ দলে এটাই সবচেয়ে উচ্চারিত প্রশ্ন এখন। নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতে বলের আঘাত পেলেও হাড়ে কোনও চিড় ধরেনি। এটা যদি প্রথম সুসংবাদ হয় তাহলে দ্বিতীয় সুসংবাদ, শনিবার অনুশীলন করেছেন তামিম। তবে দেশসেরা ওপেনার খেলবেন কিনা সেই সিদ্ধান্ত তার ওপরেই ছেড়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

ওভালে স্থানীয় সময় বেলা দেড়টায় দলের সঙ্গে অনুশীলনে এসে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। নেটে আধা ঘণ্টা ব্যাটিং শেষে ফিল্ডিং অনুশীলনও করেছেন, নিয়েছেন বেশ কয়েকটি অনেক উঁচুতে ওঠা ক্যাচ। ড্রেসিং ‍রুমে ফেরার আগে ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি খেলবেন?’ এমন প্রশ্নে তামিম নিজেই বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘এখন ভালো আছি। কোনও সমস্যা নেই বলেই মনে হচ্ছে।’

ব্যাট হাতেও ছিলেন সাবলীলসংবাদ সম্মেলনে মাশরাফি অবশ্য তামিমের খেলার বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি। শুধু জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে কিনা সেটা তামিমের ওপরে নির্ভর করছে। আজ সে অনুশীলন করেছে। এরপর ওর ফিটনেস টেস্ট হবে। সেখানে আমাদের ফিজিও থাকবেন। তবে ফিজিও নন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তামিম নিজেই। ভালো বোধ করলে আগামীকাল অবশ্যই সে খেলবে।’

শুক্রবার নেটে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম। এক্স-রে রিপোর্ট কোনও দুঃসংবাদ দেয়নি, শনিবার পুরোদমে অনুশীলন করে সবার মনে স্বস্তিও এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে তাই তাকে দলে পেতে আশাবাদী বাংলাদেশ।