ওভালের ২২ গজে যেমন দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, তেমনই করে কেঁপেছে গ্যালারি। প্রতিটি মুহূর্তে সাকিব-মাশরাফিদের সমর্থন জুগিয়ে গেছে বাংলাদেশের প্রবাসীরা। ২৫ হাজার আসনের বেশির ভাগ ছিল তাদের দখলে। পুরো গ্যালারি ‘বাংলাদেশ, বাংলাদেশ‘ স্লোগানে মুখরিত ছিল। এমন ম্যাচে বাংলাদেশ জয়হীন থাকতে পারে!
আগে ব্যাটিং করে বাংলাদেশ ৩৩১ রানের লক্ষ্য বেধে দেয় দক্ষিণ আফ্রিকাকে। রেকর্ড রানের জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে মুখ থুবড়ে পড়েন তাদের ব্যাটসম্যানরা। ম্যাচ শুরুর আগে কোনোভাবেই বাংলাদেশে ফেভারিট ছিল না। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটাররাও মনেপ্রাণে বিশ্বাস করছিলেন বাংলাদেশের বিপক্ষে জিতেই বিশ্বকাপে জয়ের ধারায় ফিরবে তাদের দল! তাদের ভাবনা যে কতটা ভুল ছিল, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
মোস্তাফিজুর রহমান ইনিংসের শেষ বল করার প্রস্তুতি নিতেই কেঁপে উঠলো গ্যালারি। ইমরান তাহির ডিপ পয়েন্টে বলটি ঠেলে দিয়ে দুটি রান নিলেন, কিন্তু সেদিকে কোনও খেয়াল নেই। পাশাপাশি বসা একজন আরেকজনকে জড়িয়ে ধরে জয়ের আনন্দ উপভোগ করলেন। অবশ্য গ্যালারিতে দর্শকরা উল্লাস করলেও বাংলাদেশ দল নির্বিকার।
এমন জয়ের পরে তো উল্লাস করাই যায়! কিন্তু বাংলাদেশের লক্ষ্য তো আরও বড়। এটাতো সবে শুরু! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা ভালো করা জরুরি ছিল মাশরাফিদের। সেই লক্ষ্য পূরণ হওয়ায় নির্ভার অধিনায়ক সহ বাকিরা।
এবার এই দারুণ সাফল্যকে সঙ্গী করে একটা একটা করে ম্যাচ জেতার মিশন মাশরাফির দলের। সেই লক্ষ্যে টাইগারদের দ্বিতীয় বাধা নিউজিল্যান্ড! এই ওভালেই আগামী বুধবার দুই দল মুখোমুখি হবে। ম্যাচটি ঘিরে এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিশ্বাস ওভাল থেকে দুই জয়ের সুখস্মৃতি নিয়েই কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে যেতে পারবে বাংলাদেশ। হয়তো মাশরাফিরাও তেমনটাই ভেবে রেখেছেন!