শুরুই শেষ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে!

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসিফেভারিট হয়ে বিশ্বকাপে গিয়ে বাজেভাবে হেরে বিদায় নেওয়ার যন্ত্রণা সঙ্গী হয়েছে তাদের বারবার। এবারের বিশ্বকাপে অবশ্য দক্ষিণ আফ্রিকাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না। তাই বলে এতটা কঠিন পরিস্থিতি সঙ্গী হবে, সেই চিন্তাও করার কথা নয় কারও। অথচ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্সে ব্যর্থতার সাগরে ডুবেছে প্রোটিয়ারা।

বড্ড অসময়ে জ্বলে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দেখা গেছে তাদের চেনা রূপ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও আলো ছড়িয়েছে তারা। কিন্তু তার আগেই সেমিফাইনালে ‍খেলার সব আশা শেষ করে বসে আছে দলটি। শেষ মুহূর্তে এসে জ্বলে ওঠায় হতাশা আরও বেড়েছে প্রোটিয়া ক্যাম্পে। অধিনায়ক ফাফ দু প্লেসি শুরুর ব্যর্থতাকে তুলছেন কাঠগড়ায়।

দক্ষিণ আফ্রিকান অধিনায়কের ইঙ্গিত থাকলো শুরুর কঠিন সূচির দিকেও। তার মতে, বিশ্বকাপের প্রথম সপ্তাহ কঠিন যাওয়াতেই প্রোটিয়াদের এই ব্যর্থতা। তাদের প্রথম ৭ দিনের সূচিটাও আসলে কঠিন ছিল। ওই সময়ে দুই ফেভারিট ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলতে হয়েছে। ওই দুই ম্যাচের হারের মাঝে বাংলাদেশের বিপক্ষেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় প্রোটিয়াদের।

শুরুর ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শুরু ভালো করতে না পারার আক্ষেপে পুড়ছেন দু প্লেসি। শ্রীলঙ্কা ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘যে কোনও টুর্নামেন্টে ভালো শুরু খুব দরকার, আমার কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়। শুরু ভালো হলে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন পরের দিকের ম্যাচগুলো অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু আমাদের শুরুটা একেবারেই ভালো হয়নি, প্রথম তিন ম্যাচে আমাদের পয়েন্টের ঘর ছিল শূন্য।’

বিশ্বকাপের প্রথম সপ্তাহের পারফরম্যান্সকেই এই ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেছেন দু প্লেসি। তার বক্তব্য, ‘বিশ্বকাপে এমনিতেই কাঁধে প্রত্যাশার চাপ বেশি থাকে। শুরুতে ওই ধরনের পরিস্থিতিতে পড়লে বোঝাটা আরও ভারী হয়ে যায়। প্রথম সপ্তাহটা আমাদের জন্য খুব কঠিন ছিল।’ ক্রিকইনফো