ইংল্যান্ডকে হারিয়ে আগের ম্যাচে সেমিফাইনালের টিকিট কাটলেও অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়ে লর্ডসে মুখোমুখি হয় ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। লকি ফার্গুসন, জিমি নিশাম ও ট্রেন্ট বোল্টের তোপে পড়ে তারা শুরুতেই। কিন্তু উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ব্যাটে স্বস্তি ফেরায় অজিরা। তবে ইনিংসের শেষ ওভারে আরও একবার তাদের ব্যাটিং ধসের মুখোমুখি করে প্রথম কিউই বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন বোল্ট।
মাত্র ৯২ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে তারা লড়াই করার মতো স্কোর এনে দেন ১০৭ রানের জুটি গড়ে। পঞ্চম ওভারে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৮) এলবিডাব্লিউ করেন বোল্ট। এরপর পাওয়ার প্লের আগের ও পরের ওভারে ডেভিড ওয়ার্নার (১৬) ও স্টিভেন স্মিথকে (৫) শিকার বানান ফার্গুসন।
তাদের একশ ছাড়ানো জুটি ভাঙে ক্যারির বিদায়ে। ৭২ বলে ১১ চারে ৭১ রান করে কেন উইলিয়ামসনের বলে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইনিংস শেষ হওয়ার তিন বল আগে বিদায় নেন খাজা। ১২৯ বলে ৫ চারে ৮৮ রানে বোল্টের কাছে বোল্ড হন তিনি। প্যাট কামিন্সের সঙ্গে তার জুটি ছিল ৪৪ রানের। পরের দুই বলে মিচেল স্টার্ক (০) ও জেসন বেহরেনডর্ফকে (০) ফিরিয়ে হ্যাটট্রিক করেন বোল্ট।
১০ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বোল্ট। ফার্গুসন ও নিশাম পান দুটি করে উইকেট।