ফাইনালে যেতে ভারতের চাই ২৪০ রান

রান আউট হন টেলরটানা দ্বিতীয় ফাইনালে ওঠার লক্ষ্যে নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৩৯ রান করেছে। বৃষ্টিতে মঙ্গলবার খেলা পণ্ড হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে করতে হবে ২৪০ রান।

৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রানে বুধবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ৬৫ রানে অপরাজিত থাকা রস টেলর আর ৯ রান করে রবীন্দ্র জাদেজার সরাসরি থ্রোয়ে রান আউট হন। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৯০ বলে ৭৪ রানের ইনিংস।

৪৮তম ওভারের শেষ বলে টেলরের বিদায় হয়। পরের ওভারের প্রথম বলে আরও একটি উইকেট হারায় কিউইরা। ভুবনেশ্বর কুমারের বলে টম ল্যাথাম ১০ রান করে জাদেজার ক্যাচ হন। ওই ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে ১ রানে বিরাট কোহলির ক্যাচ বানান ভুবনেশ্বর।

মিচেল স্যান্টনার ৯ ও ট্রেন্ট বোল্ট ৩ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভুবনেশ্বর।