বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ জিতে নিয়েছে তিন দিনেই। ‘বি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে মুমিনুল হকের দল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ২ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। ড. ডিওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে তারা প্রথম ইনিংসে লিড পেয়েছে। চার গ্রুপের শীর্ষ দল খেলবে সেমিফাইনালে।
প্রথম ইনিংসে ৭৯ রানে গুটিয়ে যাওয়া কর্ণাটক দ্বিতীয় ইনিংসে ভালোই খেলেছে। অভিনব মনোহরের ১১৭ রানের সঙ্গে বিনয় সাগর (৫৯) ও প্রবীণ ডুবের (৫৫) ফিফটিতে ৩৪০ রান করে স্বাগতিক দল।
৩ উইকেটে ১০০ রানে দিনের খেলা শুরু করে কর্ণাটক। বিসিবি পেসার এবাদত হোসেনের বোলিংয়ে আর ২৪০ রান করতে বাকি উইকেট হারায় তারা। ৮৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে স্কোরটা বড় হলেও প্রথম ইনিংসে তারা পিছিয়ে ছিল ২৫৫ রানে। তাতে বিসিবিকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি কর্ণাটক।
৮৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৪.১ ওভারে জিতে যায়। প্রথম ইনিংসে ৫৯ রান করা সাদমান ইসলাম অপরাজিত ছিলেন ৫২ রানে। তার সঙ্গে জহুরুল ইসলাম টিকে ছিলেন ৩২ রানে।
বিদর্ভ ও ডিওয়াই পাতিলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল মুমিনুল হকের বিসিবি।