টস হেরে ব্যাট করতে নেমে ফাহিমা খাতুন ও খাদিজা তুল কুবরার দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৭৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
মাত্র ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন লেগস্পিনার ফাহিমা। ৩৪ রানে খাদিজার শিকার দুই উইকেট। শায়লা শারমিন ও নাহিদা আক্তার নিয়েছেন একটি করে উইকেট।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেছেন তৃষা চেট্টি। দুই ওপেনার রবিন সার্ল (৩৫) আর তাজমিন ব্রিটস (২৩) ৬৪ রানের জুটি গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি প্রোটিয়ারা।
জবাবে শারমিন আক্তারের সঙ্গে মুর্শিদা আক্তারের ৭৫ রানের উদ্বোধনী জুটিতে গড়ে ওঠে জয়ের ভিত। মুর্শিদা ৩১ রান করে রান আউটের খাঁড়ায় কাটা পড়লেও জয় পেতে সমস্যা হয়নি। অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন শারমিন। নিগার অপরাজিত ছিলেন ৪৮ রানে। ৮৩ রানে অপরাজিত শারমিনের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।