গত ২৪ আগস্ট মারা গেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের ক্ষমতাশীন দল বিজেপির এই প্রবীণ নেতা ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সামলেছেন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতির দায়িত্ব। তার নেতৃত্বে দিল্লি থেকে ভারত পেয়েছে বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, আশীষ নেহরা ও ঋষভ পান্তের মতো খেলোয়াড়। তাকে সম্মান জানাতেই দিল্লির ফিরোজ শাহ কোটলার নাম পাল্টে হয়ে যাচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম।
ডিডিসিএ তাদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে, আগামী ১২ সেপ্টেম্বর দিল্লির স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হবে, একই অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামে হবে স্টেডিয়ামটির একটি স্ট্যান্ড। ডিডিসিএ’র টুইট, ‘কোটলার নাম পাল্টে হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে দিল্লির এই বিখ্যাত স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হবে, যার একটি স্ট্যান্ড হবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামে।’
দিল্লির স্টেডিয়ামটির নাম পরিবর্তনের পর প্রথমবার এই ভেন্যুতে হবে ভারত-বাংলাদেশের ম্যাচ। নভেম্বরে ভারত সফরের সাকিব আল হাসানদের শুরুই হবে দিল্লির ম্যাচ দিয়ে। আগের সূচিতে ভেন্যুর নাম ফিরোজ শাহ কোটলা থাকলেও স্বাভাবিকভাবেই ১২ সেপ্টেম্বরের পর সেটা থাকছে না। বাংলাদেশ ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে অরুণ জেটলি স্টেডিয়াম।
দিল্লির ক্রিকেটে অসামান্য অবদান রাখা জেটলি পৃথিবী ছেড়ে যাওয়ার পর নাম পরিবর্তন করা হচ্ছে স্টেডিয়ামের। সাবেক ভারতীয় ওপেনার গম্ভীর মনে করেন, তিনি বেঁচে থাকতেই এটা করা উচিত ছিল। তিনি বলেছেন, ‘খুবই ভালো খবর অরুণ জেটলির নামে স্টেডিয়াম হচ্ছে, দিল্লিতে আধুনিক স্টেডিয়াম গড়ার মূল কারিগর ছিলেন তিনি। তবে আরও খুশি হতাম, যদি তিনি বেঁচে থাকতে এটা করা হতো।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া