স্মিথ-ল্যাবুশ্যাগনের ফিফটির পর বৃষ্টির বাধা

হাফসেঞ্চুরি করে অপরাজিত স্টিভেন স্মিথঅ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনের ব্যাপ্তি মাত্র ৪৪ ওভার। লাঞ্চের পর বৃষ্টিতে কয়েক দফা মাঠ ছাড়তে হয়েছিল খেলোয়াড়দের। তবে চা বিরতির সময় শুরু হওয়া বৃষ্টি আর না থামায় দিন শেষের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। তার আগেই হাফসেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশ্যাগনে।

বুধবার শুরু হওয়া ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০। মাথায় আঘাত পাওয়ার পর এই টেস্টে স্মিথ ফিরেছেন চেনা রূপে। টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন ৬০ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ১৮ রানে অপরাজিত থাকা ট্রেভিস হেড। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ল্যাবুশ্যাগনে খেলে গেছেন ৬৭ রানের কার্যরকরী ইনিংস।

ম্যানচেস্টার টেস্টের শুরুটা ছিল ইংল্যান্ডের। প্রথম স্পেলে স্টুয়ার্ট ব্রড ২ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন স্বাগতিকদের। ডেভিড ওয়ার্নার আবারও ব্যর্থ। মুখোমুখি দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেলেন অস্ট্রেলিয়ান ‍ওপেনার। ব্রডের অফ স্টাম্পের বাইরের বল ব্যাট উঁচিয়ে ছাড়তে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্যাটে ছোঁয়া লেগে বল জমা পড়ে উইকেটরক্ষক জনি ‍বেয়ারস্টোর গ্লাভসে।

ওয়ার্নারের সঙ্গে নতুন ওপেনিং সঙ্গী মার্কাস হ্যারিসও পারেননি ওপেনিংয়ের সমস্যা মেটাতে। ব্রডের দ্বিতীয় শিকার হয়ে ১৩ রান করে প্যাভিলিয়নে পেলেন এলবিডাব্লিউ হয়ে। ২৮ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে তোলেন স্মিথ-ল্যাবুশ্যাগনে জুটি।

স্মিথ-ল্যাবুশ্যাগনের জুটিতে পথে ফেরে অস্ট্রেলিয়াস্মিথের মাথায় আঘাত লাগাতেই লর্ডস টেস্টে ‘কনকাশন-সাব’ হিসেবে নেমেছিলেন ল্যাবুশ্যাগনে। নিজেকে প্রমাণ করা এই ব্যাটসম্যান হেডিংলি টেস্টে আরও উজ্জ্বলতা ছড়িয়েছেন। ফর্মে থাকার সুবিধা কাজে লাগালেন ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসেও। স্মিথের সঙ্গে প্রতিরোধ গড়ে তিনি বাড়িয়ে নিয়েছেন দলের রান। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১১৬ রান।

ল্যাবুশ্যাগনের আউটে ভাঙে এই জুটি। ৬৭ রান করে ক্রেইগ ওভারটনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ফর্মে থাকা এই ব্যাটসম্যান। ১২৮ বলের ইনিংসটি ল্যাবুশ্যাগনে সাজান ১০ বাউন্ডারিতে।

বৃষ্টি ও ঝড়ো বাতাসে প্রতিকূল অবস্থায় ব্যাটিং করতে হয়েছে স্মিথ ও ল্যাবুশ্যাগনেকে। বাতাসের গতি এতটা বেশি ছিল যে, স্টাম্পে বেল ছাড়াই খেলতে হয়েছিল! এর মধ্যেও অসাধারণ ব্যাটিংয়ে দলের রান বাড়িয়ে গেছেন তারা। শেষ পর্যন্ত ল্যাবুশ্যাগনে হার মানলেও লড়াই চালিয়ে যাচ্ছেন স্মিথ।

টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে ম্যানচেস্টার টেস্ট শুরু করা স্মিথ আরেকটি দুর্দান্ত ইনিংস খেলার পথে। ৯৩ বলে ৬০ রানে অপরাজিত তিনি। চা বিরতির পর নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল তার। কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়ায় আর মাঠে নামা হয়নি। মাত্র ৪৪ ওভারে শেষ হয়েছে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ৪৪ ওভারে ১৭০/৩ (ল্যাবুশ্যাগনে ৬৭, স্মিথ ৬০*, হেড ১৮*, হ্যারিস ১৩; ব্রড ২/৩৫, ওভারটন ১/৪১)।