২০১৯ সালের বিশ্বকাপ বসেছিল ইংল্যান্ড ও ওয়েলসে। ঘরের মাঠের এই আসর দিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসের নাটকীয় ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন স্টোকস। বিশ্বকাপ শেষে অ্যাশেজে এই অলরাউন্ডারের বীরোচিত ইনিংসে হেডিংলি টেস্ট জিতে নেয় ইংলিশরা। তার হার না মানা ১৩৫ রানের ইনিংসে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হার ঠেকায় স্বাগতিকরা।
তারই পুরস্কার হিসেবে পিসিএ’র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস। পুরস্কার জেতার অনুভূতি ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ভীষণ খুশি, খেলোয়াড়রা আমাকে পিএসএ বর্ষসেরা খেলোয়াড়ের যোগ্য মনে করেছেন। ভোটের মাধ্যেমে নির্বাচিত হওয়া সবসময়ই গর্বের।’
ব্যক্তিগত অর্জনে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন স্টোকস, ‘এই পুরস্কার জয় আমার জন্য বিশাল মুহূর্ত। ব্যক্তিগত অর্জন হলেও আমি আজ এখানে এসেছে দলের প্রত্যেকটি সদস্যের কারণে। তারাও এই অর্জনের ভাগীদার। ২০১৯ সাল আমাদের কেটেছে দুর্দান্ত। বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজের ড্রতে দারুণ একটি গ্রীষ্ম পার করেছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমি ভীষণ গর্বিত।’
পিসিএ উদীয়মান বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন সমারসেটের টম ব্যান্টন। ওয়ানডে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ক্রিস ওকস। আর টেস্ট প্লেয়ার অব দ্য সামার নির্বাচিত হয়েছেন স্টুয়ার্ট ব্রড। এএফপি