বুধবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৯৫ রান করে ওপেনার চামারি আতাপাত্তুর সেঞ্চুরিতে। মাত্র ২৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটের এই জয়ে তারা পেছনে ফেলে বেলিন্ডা ক্লার্কের অস্ট্রেলিয়ান দলকে, ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত টানা ১৭ ম্যাচ জেতার রেকর্ড পড়ে যায় পেছনে।
২০১৭ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে ছুটছে তাদের জয়যাত্রা। ব্রিসবেনে লঙ্কানদের হোয়াইটওয়াশ করে এবার নিজেদের পুরানো কীর্তিকে পেছনে ফেললো তারা। আর তিন ম্যাচ জিতলে এই দলটি স্পর্শ করবে ছেলেদের টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড। এ লক্ষ্য পূরণ হতে পারে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে।
শ্রীলঙ্কার ওপেনার চামারির ১০৩ রানের ইনিংস বৃথা যায় অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কাছে। হিলির সঙ্গে ১৫৯ রানের জুটি গড়েন রাচেল হেইনেস। হিলির সঙ্গে প্রয়োজনীয় রান স্কোরবোর্ডে তোলেন ল্যানিং। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত ছিলেন হিলি।
‘বিশেষ অর্জনের’ অংশীদার হয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং, ‘এই দল বিশেষ কিছু, সম্ভবত ২০১৭ বিশ্বকাপের (ভারতের কাছে সেমিফাইনালে হার) পর থেকে অন্য এক দল আমরা। ওটা ছিল আমাদের টার্নিং পয়েন্ট। এরপর থেকে আমরা বদলে গেছি, আমাদের বদলাতে হতো। আর এখন আমরা এই জায়গায়।’