পাকিস্তানের কাছে প্রথম ওয়ানডেতেও মেয়েদের হার

ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশটি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের কাছে প্রথম ওয়ানডেতেও সাফল্যের দেখা পেলো না বাংলাদেশের মেয়েরা। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজ ২৯ রানে হেরে শুরু করেছে রুমানা আহমেদের দল।

পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে নাহিদা খানের হাফসেঞ্চুরিতে ২১৫ রান করে। ৪৮.৫ ওভারে তারা অলআউট হয়। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানার ফিফটিতে লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

সিদ্রা আমিনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৯ রান করেন নাহিদা। এরপর তিনি তৃতীয় উইকেটে ৬৯ রান তোলেন বিসমাহ মারুফকে (৩৯) নিয়ে। ৯৭ বলে ৭ চারে ৬৮ রান করে নাহিদা আউট হন। উমাইমা সোহেল (২৯) ও আলিয়া রিয়াজ (৩৭) পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে জাহানারা আলম সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান পান্না ঘোষ ও নাহিদা আক্তার।

লক্ষ্যে নেমে মাত্র ৯ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও নিগার ৫৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তার ৭৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। ফারজানা হকের ২৭ ও রুমানার ২৮ রানের ইনিংস বাংলাদেশের লড়াইয়ে কার্যকরী ভূমিকা রাখে।

পাকিস্তানের পক্ষে সানা মীর ও নাশরা সান্ধু সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। দুটি করে উইকেট পান ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল। আগামী সোমবার একই মাঠে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে।