সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় টেস্টের অধিনায়ক করা হয়েছে মুমিনুলকে। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো তারকাকে ছাপিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের কাঁধে।
নতুন দায়িত্ব পাওয়ার ঘোর না কাটলেও ভারত সিরিজে ইতিবাচক মুমিনুল। ভারতের শক্তি-সামর্থ্য নিয়ে সবই জানা তার। এরপরও টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে থাকা বিরাট কোহলিদের বিপক্ষে জয়ের স্বপ্ন নিয়ে ভারত যাওয়ার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের।
আজ (বুধবার) মিরপুরে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন তিনি টেস্টে ভারত জয়ের স্বপ্নের কথা। ভারত সফরে জয়কেই লক্ষ্য বানিয়েছেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক, ‘প্রত্যাশা একটাই- আমরা যেখানেই যাই জেতার জন্য যাই, ভারতেও যাব জেতার জন্যই। ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনও লক্ষ্য নেই, সব মিলিয়ে দলের জন্য অবদান রাখতে চাই।’
টি-টোয়েন্টি দিয়ে ইতিমধ্যে ভারত সফর শুরু করেছে বাংলাদেশ। দিল্লির প্রথম টি-টোয়েন্টি জিতে সফরের শুরুটা রাঙিয়ে নিয়েছে সফরকারীরা। কুড়ি ওভারের তিন ম্যাচ শেষে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা, যার মধ্যে একটি হবে দিবা-রাত্রির টেস্ট। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসের ম্যাচ দিয়ে প্রথমবার গোলাপি বলের ক্রিকেট খেলবে বাংলাদেশ ও ভারত।
দিবা-রাত্রির টেস্ট খেলতে মুখিয়ে আছেন মুমিনুল, ‘আমি মনে করি, এটা (দিবা-রাত্রি টেস্ট) খুব ভালো একটা সুযোগ। ফ্লাডলাইটে টেস্ট খেলা কিংবা গোলাপি বলে টেস্ট, আমরা এর আগে খেলতে পারিনি। তাই আমার মতে, এটা ভালো একটা সুযোগ আমাদের জন্য। ভালো করতে পারলে দারুণ হবে।’