ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্তআগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া চতুর্থ ইমার্জিং এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ৫০ ওভারের এই টুর্নামেন্টের জন্য রবিবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনি আছেন এই দলে।

টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ১৪, ১৬ ও ১৮ নভেম্বর যথাক্রমে হংকং, ভারত ও আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এবং ‘বি’ গ্রুপের লড়াই হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। ২০ ও ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনালের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।

বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।