গত সেপ্টেম্বর-অক্টোবরের ওই সফর বয়কট করেন চান্ডিমাল, ম্যাথুজ, করুণারত্নে সহ ১০ তারকা ক্রিকেটার। এবার এই তিনজনই আছেন ১৬ জনের দলে। সীমিত ওভারের ওই দুটি সিরিজ খেলতে অসম্মতি জানানো কুশল পেরেরা, সুরাঙ্গা লাকমল, নিরোশান ডিকবেলার মতো তারকাদের নিয়ে আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে শক্তিশালী শ্রীলঙ্কা দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত আগস্টে দ্বিতীয় টেস্ট খেলা দলে একটি পরিবর্তন এসেছে। লেগস্পিনার আকিলা ধনঞ্জয়ার বদলে ঢুকেছেন ডানহাতি ফাস্ট বোলার কাসুন রাজিথা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এক বছর নিষিদ্ধ আকিলা।
আগামী ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে দুই দলের ম্যাচ দিয়ে এক দশকেরও বেশি সময় পর টেস্ট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালের মার্চে লাহোর টেস্টের তৃতীয় দিন হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর আর কখনও পাঁচ দিনের ক্রিকেট হয়নি দেশটিতে। করাচিতে ১৯ ডিসেম্বর হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কুশর পেরেরা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।