বিপিএলে প্রথমবার হাশিম আমলা

বিপিএলে আমলার দল খুলনা টাইগার্সবিপিএল খেলতে অনেক তারকা ক্রিকেটারই এসেছেন বাংলাদেশে। কিন্তু সেই দলে ছিলেন না হাশিম আমলা। অবশেষে সপ্তম বিপিএল খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার দল খুলনা টাইগার্স।

খুলনা টাইগার্সের মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসবেন হাশিম আমলা। সিলেট পর্বের শুরু থেকেই খেলবেন তিনি। পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিনও যোগ দিচ্ছেন আমাদের দলে।’ সিলেট পর্ব শুরু হবে ২ জানুয়ারি। পরদিন খুলনা খেলবে ঢাকা প্লাটুনের বিপক্ষে।

গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমলার ক্যারিয়ার দারুণ সমৃদ্ধ। ১২৪ টেস্টে ২৮টি সেঞ্চুরিসহ ৪৯.৯৭ গড়ে ৯,২৮২ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও সফল। ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিতে ৮,১১৩ রান করেছেন, যেখানে গড় ৪৯.৪৬। অন্যদিকে ৪৪ টি-টোয়েন্টিতে ৩৩.৬০ গড়ে তার রান ১,২৭৭।

আইপিএল খেলছেন অনেকদিন ধরে। অবসরের পর খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এবার বিপিএলেও দেখা যাবে আমলাকে।