কোয়ার্টার ফাইনালে জিতে দুইদিন ছুটি কাটিয়ে রবিবার অনুশীলনে ফিরেছে আকবর-তামিমরা। স্থানীয় সময় দুপুরে কঠোর অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনুশীলনশেষে সেমিফাইনাল নিয়ে নিজেদের ভাবনাটা জানালেন শাহাদাত, ‘আমরা ভালোভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষ করেছি। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবো। ওদের সঙ্গে ওদের কন্ডিশনে গিয়ে আমরা সিরিজ জিতেছি। খেলোয়াড়দের সম্পর্কে আমাদের জানাশোনা আছে। কঠিন কন্ডিশনে পারলে এখানেও আশা করি পারবো। দলের সবার মধ্যে ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাস আছে।’
বড় ম্যাচের আগে সব দলই চাপে পড়ে। বাংলাদেশ দলও এর বাইরে নয়। পর পর দুটি এশিয়া কাপের ফাইনালে আকবররা ভারতের কাছে হেরেছে। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের ওঠার লড়াইয়ের চাপ সামলাতে পারবে তো বাংলাদেশ? শাহাদাতের দর্শন খুব সরল, ‘এইসব ম্যাচে চাপ নিলে চাপ। আমরা চাপমুক্ত হয়ে খেলতে চাই। সাধারণ একটি ম্যাচের মতোই সেমিফাইনালটি খেলবো। অবশ্যই বাড়তি চাপ আসবে, কেননা বিগ ম্যাচ। কিন্তু সেগুলো নিয়ে ভাবছি না। আমরা সাধারণ একটি ম্যাচ হিসেবেই এ ম্যাচটিকে নিচ্ছি।’
সেমিফাইনালের আগে পাওয়া কয়েকটি সেশন কাজে লাগাতে চায় বাংলাদেশ, ‘দুইদিন ছুটির পর আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। মানসিকভাবে আমরা প্রস্তুত আছি। সেমিফাইনালের আগে আরও কয়েকদিন আমরা অনুশীলন করার সুযোগ পাবো। ব্যাটিং-বোলিং যার যা সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করবো।’