ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ইন্দোর ও কলকাতায় খেলেছে বাংলাদেশ। কন্ডিশন সম্পর্কে বিশেষ কোনও ধারণা না থাকায় দুটি ম্যাচেই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল মুমিনুলদের। বিশেষ করে ভারতীয় পেসাররা কঠিন পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। এবারও কি এমন কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে?
১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মুলতানে দুটি এবং করাচি ও পেশোয়ারে একটি করে টেস্ট খেললেও রাওয়ালপিন্ডিতে কোনও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এই ভেন্যুতে ৯টি টেস্ট খেলে পাকিস্তান হেরেছে মাত্র তিন ম্যাচে। বোঝাই যাচ্ছে, রাওয়ালপিন্ডি কতটা পয়া ভেন্যু পাকিস্তানের জন্য। পাকিস্তানের পয়া ভেন্যুতেই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল বললেন, ‘সত্যি কথা বলতে, রাওয়ালপিন্ডি সম্পর্কে কোনও ধারনা নেই। সব মিলিয়ে চিন্তা করলে আমরা অ্যাওয়েতে কিন্তু তেমন ভালো খেলি না। এবার চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার। ভারত সিরিজ, আফগানিস্তান সিরিজের ভুলগুলো যাতে না হয়, সে ব্যাপারে আমাদের নজর থাকবে।’
বিসিএলের প্রথম রাউন্ড শেষ হয়েছে আজ। জাতীয় দলের কোনও অনুশীলন ছাড়াই মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একবেলা অনুশীলন করে শুক্রবার প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টের আগে এটাকে আদর্শ প্রস্তুতি হিসেবে মানতে নারাজ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মুমিনুল অবশ্য বিষয়টাকে নেতিবাচকভাবে দেখতে চান না, ‘আমাদের তো আসলে কিছু করার নেই। যে পরিস্থিতিই আসুক আমাদের মানিয়ে নিতে হবে। আগে থেকে এমন নেতিবাচক চিন্তা করতে চাই না। সবকিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে ভালো প্রস্তুতি হয়েছে। ব্যাটসম্যানরা রান করেছে, বোলাররাও ভালো করেছে। টেস্টে সুযোগ পাওয়া সবাই মোটামুটি ফর্মে আছে।’
ভারতের বিপক্ষে সর্বশেষ খেলা টেস্ট দল থেকে ৬টি পরিববর্তন এসেছে দলে। অদ্ভুত শোনালেও সত্য, দলে ৬টি পরিবর্তনের বিষয়টি মুমিনুলের মাথায়ই তেমন নেই, ‘আমি ক্যাপ্টেন থাকার পর চেষ্টা করছি দলে যাতে খুব বেশি পরিবর্তন না হয়। শেষ টেস্ট দলে যারা ছিল তারাই আছে। হয়তো তামিম ভাই ছিল না, এখন আছে। আবার মুশফিক ভাই নেই। এটাই আরকি। ওভারঅল মুশফিক ভাইকে মিস করবো। সাকিব ভাইকে তো আগে থেকেই মিস করছি। সব মিলিয়ে দলটা খুব ভালো হয়েছে।’
টেস্ট জিততে হলে ২০ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বাংলাদেশের বোলাররা বরাবরই হতাশ করেছে। তবে স্বপ্ন ঠিকই দেখছেন মুমিনুল, ‘অনেকবার বলেছি, টেস্ট ক্রিকেট খেলতে খেলতে শেখে। একদিনে, এক বছরে কোনও রেজাল্ট পাবেন না। আমাদের যে টেস্ট বোলার আছে তারা নিয়মিত খেলতে খেলতে শিখবে।’