বঙ্গবন্ধু এসপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্স

চ্যাম্পিয়ন দল সিরাজগঞ্জ টাইগার্সকে ট্রফি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলবঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তৃতীয়বার ট্রফি জিতলো সিরাজগঞ্জ টাইগার্স। শনিবার ফাইনালে সিরাজগঞ্জ সিক্সার্সকে ৭৫ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

দুপুরে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করে টাইগার্স। দলের হয়ে জাহিদ জিহাদ ইনিংস সেরা ৩০ রান করেন ২৪ বলে। এছাড়া ২৬ রান করে করেন মোহাম্মদ এনাম ও পারভেজ শেখ। সিক্সার্সের মাহমুদুল হাসান মিলন ৩৯ রান দিয়ে তিনটি উইকেট নেন।

জবাবে টাইগার্স বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি সিক্সার্সের ব্যাটসম্যানরা। ১৭.২ ওভারে ৬৯ রানে অলআউট হয় তারা। রকিবুল রকি (১৮), ইশতিয়াক সরকার মিলন (১২) ও মাহমুদুল হাসান মিলন (১০) ছাড়া কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। টাইগার্সের বোলার মাহফুজ শুভ ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট পান। এছাড়া পারভেজ, সবুজ ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন পারভেজ।

ফাইনাল শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সচিব কবির বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন।