হোম অব ক্রিকেটকে আগেই সাজানো হয়েছে অনেকটা বিয়ে বাড়ির সাজে। বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘণ্টা খানেক আগেই তাদের জন্য বিমানবন্দর এলাকায় রাখা হয়েছে দুটি বিশেষ বাস। পুরো বাসটি ‘চ্যাম্পিয়ন’ স্টিকার দিয়ে মুড়ে দেওয়া, সেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছবি। এই বাসে করেই যুব ক্রিকেট দল গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই গাড়িতে সওয়ার বিসিবি সভাপতি।
বিমানবন্দরের ভিআইপি এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার ক্রিকেটভক্ত। এদের বেশির ভাগই ঢাকা মহানগরীর, ঢাকার আশে-পাশের জেলা থেকেও এসেছেন ভক্তরা। অনূর্ধ্ব-১৯ দলের ট্রফি জয়ের আনন্দে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আতিকুর নামের এক ক্রিকেটভক্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ভাবতে ভালো লাগছে, এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ছোটদের পথ ধরে বড়রাও আমাদের সাফল্য এনে দেবে।'
বিমাবন্দরে টাইগার সাজের বড় একটি মাসকট রাখা হয়েছে। মাসকটকে ঘিরে রেখেছেন উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা।