আজ (বুধবার) বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে চ্যাম্পিয়নদের বহন করা বিমানটি। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যুবাদের সঙ্গে একই গাড়িতে মিরপুরের উদ্দেশে যাত্রা করেন বিসিবি প্রধান।
হোম অব ক্রিকেটকে আগেই সাজানো হয়েছে অনেকটা বিয়ে বাড়ির সাজে। বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তাদের পৌঁছার ঘণ্টা খানেক আগেই বিমানবন্দর এলাকায় রাখা হয় দুটি বিশেষ বাস। পুরো বাসটি ‘চ্যাম্পিয়ন’ স্টিকার দিয়ে মুড়ে দেওয়া, সেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ছবি।
বিমানবন্দরের ভিআইপি এলাকায় জড়ো হয় ক্রিকেটভক্তরা। অনূর্ধ্ব-১৯ দলের ট্রফি জয়ের আনন্দে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আতিকুর নামের এক ক্রিকেটভক্ত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভাবতে ভালো লাগছে, এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ছোটদের পথ ধরে বড়রাও আমাদের সাফল্য এনে দেবে।’