প্রথম দিনেই মাঠে নামবে ৬টি দল।নীলফামারীতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। ঢাকায় খেলবে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। আর সিলেটে লড়বে শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন। প্রথম ম্যাচটি সোয়া ৩টায়। পরের দুটি ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।
এবারের লিগে নতুনত্ব আছে। আগের চেয়ে ভেন্যু বেড়ে দাঁড়িয়েছে ৭টিতে। বেড়েছে বিদেশি খেলোয়াড়দের সংখ্যাও। গতবার ৬টি ভেন্যুতে খেলা হয়েছিল। এবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে মোহামেডান হোম ভেন্যু করেছে।
নিবন্ধিত পাঁচ বিদেশি খেলোয়াড়কেই এবার একই ম্যাচে খেলানোর সুযোগ থাকছে। যার কারণে লিগে প্রতিদ্বন্দ্বিতার আভাস একটু বেশি। লিগে এখন পর্য়ন্ত আবাহনী লিমিটেড সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। শেখ জামাল জিতেছে তিনবার, শেখ রাসেল ও বসুন্ধরা কিংস একবার করে।
বড় দলগুলোর সবারই লক্ষ্য এবার শিরোপা। চাম্পিয়ন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন তো বলেই দিয়েছেন, ‘আমরা ট্রফি ধরে রাখার মিশনে মাঠে নামবো। আশা করছি সফল হতে পারবো। শুরুটা জয় দিয়ে করতে চাই। প্রতিপক্ষ যাই থাকুক না কেন, জয় ছাড়া বিকল্প ভাবছি না।’
ধারে- ভারে বারিধারা তাদের সামনে দাঁড়াতেই পারে না। দলটির কোচ আলফাজ আহমেদের সাবধানী মন্তব্য, ‘আমাদের শুরুটা করতে হচ্ছে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। যাদের শক্তি সম্পর্কে সবাই অবগত। আমরা আমাদের সাধ্যমতো খেলার চেষ্টা করবো। যেন লিগ শেষে ভালো অবস্থানে থাকতে পারি।’
লিগে যেমন দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, তেমনি খেলোয়াড়দের মধ্যেও কম নয়। গতবার দুই নাইজেরিয়ান সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন। শেখ রাসেলের রাফায়েল ওদোয়িন করেছিলেন ২২টি ও আবাহনীর সানডে চিজোবা ২০টি।
এছাড়া স্থানীয়দের মধ্যে নাবীব নেওয়াজ জীবন ও মতিন মিয়ারও নতুন করে প্রমাণের পালা। জীবন ১৭ গোল করছিলেন। মতিন ১১টি।
কোচদের মধ্যে টেকনিক্যাল এরিয়াতে স্নায়ুর যুদ্ধ থাকবে। মগজাস্ত্রের লড়াইয়ে কে এগিয়ে থাকবেন,সেটাও আছে দেখার। লিগ শেষে দুটি দলের অবনমন হবে। তাই নিচের দিকেও লড়াই বেশ জমবে।