নাসিরের পরামর্শেই শেষ ওভারে ফরহাদ রেজা

Nasirবিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সিলেট সুপার স্টারস নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে বুধবার। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল সিলেট সুপার স্টারসের। তখন বোলিংয়ে আনা হয় ফরহাদ রেজাকে। ১৯তম ওভারে মুস্তাফিজের ওভার শেষ হওয়ার পর ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা নাসিরের কাছে জানতে চান, কাকে শেষ ওভার বোলিং দেওয়ার কথা? অবশ্য সাঙ্গাকারা ফরহাদ রেজা কিংবা ইয়াসির শাহ; এই দুইজনের অপশনই দিয়েছিলেন।
নাসিরের পরামর্শেই শেষ পর্যন্ত বোলিং প্রান্তে আসেন ফরহাদ রেজা। সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদির পর পর ২ ছক্কায় ম্যাচ জিতে নেয় সিলেট। যদিও দ্বিতীয় বলে সোহেল তানভীরকে বোল্ড করে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছিলেন ফরহাদ। কিন্তু ইনিংসের চতুর্থ ও পঞ্চম বলটি ইয়র্কার মারতে গিয়ে ফুলটস দিয়ে দেন আফ্রিদিকে। কিন্তু অভিজ্ঞ আফ্রিদি বলদুটিকে সীমানা ছাড় করতে ভুলেননি। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় পায় সিলেট সুপারস্টারস।
সংবাদ সম্মেলনে ঘুড়ে ফিরে আসে এই প্রশ্ন। কার পরামর্শে ফরহাদ রেজাকে বোলিংয়ে এনেছিলেন সাঙ্গাকারা। এমন প্রশ্নে নাসির বলেন, ‘সাঙ্গাকারা আমাকে জিজ্ঞেস করছিল শেষ ওভার ইয়াসির শাহ করবে নাকি ফরহাদ রেজা। আমি বলেছি ফরহাদ ভাইয়ের কথা। ইয়াসির শাহকে না বলার কারণ উইকেটে সোহেল তানভীর ও আফ্রিদি ছিল। আফ্রিদি স্পিন ভালো খেলে।’
প্রত্যেক ম্যাচেই চাপ থাকে। তাই এইসব নিয়ে ভাবতে চান না নাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরিশালের সঙ্গে জিতলে আমরা কোয়ালিফাই করব। কে হারছে আর কে জিতছে এসব নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আর সব খেলাতেই চাপ থাকে, কালকে সেই একই চাপ থাকবে।’
কিছুদিন ধরেই ঢাকা ডায়নামাইটসের ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কেননা কেউই সেট হতে পারছে না ওই জায়গায়। এ নিয়ে নাসির বুধবার বলেন, ‘আমাদের ওপেনিং সেটআপ ঠিকমতো হচ্ছে না। আমরা এখনো চেষ্টা করছি ওপেনিং পার্টনার কোনটা ভালো সেটা দেখার। কালকে এমন হতে পারে আমিও ওপেনিং করতে পারি!’
ম্যাচটি নিয়ে নিজেদের হতাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘উইকেট ভালো ছিল, আমরাও বুঝতে পারছিলাম। এজন্য ভেবেছি জেতা সহজ হবে না। আমাদের মূল টার্গেট ছিল শুরুটা ভালো করা। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৪ ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করতে পারিনি।’

/আরআই/এফআইআর/