গত মৌসুমে বিকেএসপির হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন আকবর আলী। ঢাকা লিগে ওটাই ছিল তার প্রথম মৌসুম। দুই হাফসেঞ্চুরিতে ২২.৬৯ গড়ে ২৯৫ রান করেছিলেন। এক বছরের ব্যবধানে আরও পরিণত আকবর এই মৌসুমকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। বয়সভিত্তিক ক্রিকেট এবং বড়দের ক্রিকেটের পার্থক্যটা বেশ ভালো করেই জানেন আকবর, ‘অবশ্যই, এখন সিনিয়র ক্রিকেটে যেহেতু চলে আসছি, এখানে চ্যালেঞ্জটা অবশ্যই থাকবে। ক্রিকেট এমন খেলা, আপনি যেখানেই যাবেন আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আশা করি দ্বিতীয় মৌসুমটা ভালো করতে পারব।’
সৌম্য সরকার-আরিফুল হক-মুমিনুল হকদের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলবেন আকবর। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবেন ভেবে রোমাঞ্চিত আকবর, ‘আমি খুবই রোমাঞ্চিত যে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারবো। এটা আমার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবো।’
যুব বিশ্বকাপ জয়ী দলের দলের অধিনায়ক আকবর আলীকে ঘিরে যেমন আগ্রহ, সেই আগ্রহ ঢাকা প্রিমিয়ার লিগেও থাকবে তাকে ঘিরে। এটাকে অবশ্য বাড়তি চাপ মনে করছেন না আকবর, ‘চাপ হবে কেন? পারফরম্যান্স করা তো আমার কাজ, ওটার দিকেই আমার ফোকাস। আশা করি আমার কাজটা আমি ঠিকভাবে করতে পারব।’