আগামী শনিবার প্রথম সেমিফাইনালে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখানেও বল করা হচ্ছে না মাশরাফির। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনই আভাস দিলেন তিনি নিজেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার যা অবস্থা এখনও ঝুঁকি থেকে যাচ্ছে। সত্যি কথা বললে, বাংলাদেশ দলের খেলা হলে আমি বোলিং করতাম। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না; ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমার কাছে অনেক বড় টুর্নামেন্ট। তারা আমাকে পারিশ্রমিক দিয়ে খেলাচ্ছে। ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, এই অবস্থায় শতভাগ ফিট না হয়ে বোলিং করার সাহস পাচ্ছি না। আমার পুরো ক্যারিয়ারে এমন ছোট ছোট ইনজুরি থেকেই বড় ইনজুরি হয়ে গেছে। আমি একটু সতর্ক থেকে খেলতে চাচ্ছি।’
দলে বেশকিছু ইনজুরি সমস্যা রয়েছে বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘এই মূহূর্ত্ আমাদের দলে ইনজুরির অবস্থা খুব খারাপ। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাই ইনজুরিতে পড়ে আছে। ফিজিওর উপর চাপ পড়ে যাচ্ছে। কুলাসেকারা পুরো ফিট না হয়েই মাঠে নেমেছে। অলক সমস্যা নিয়ে খেলেছে। শোয়েব মালিক ইনজুরিতে। ওকে আজকে খেলালে সেমিফাইনালে পেতাম না। এছাড় আমি ফিট না; রাব্বির ইনজুরি ভালো হয়নি। আমাদের আসলে এভাবেই যাচ্ছে।’
আন্দ্রে রাসেলের সেমিফাইনালে খেলাটা ঝুলে আছে বিগব্যাশে তার দলের সিদ্ধান্তের উপর। বিগব্যাশে খেলার জন্য এক সপ্তাহ আগে দলের সঙ্গে যোগ দিতে হয়। এই কারণে সেমিফাইনাল খেলেই চলে যেতে হচ্ছে রাসেলকে। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘রাসেল সেমিফাইনাল খেলে চলে যাওয়ার কথা। বিগব্যাশে নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আগে যোগ দিতে হয়। এখন ওর খেলা নির্ভর করছে, ওখান থেকে কী জবাব আসে তার উপর।’
সিলেটের বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছেন। সমীকরণ মাথায় নিয়ে খেলেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘সমীকরণ নিয়ে ভাবিনি। আমরা আসলে জিততেই চেয়েছিলাম ম্যাচটি। জিতলেই এক কিংবা দুইয়ের ভেতরে থাকার সুযোগ থাকতো। আমরা অন্য কোনও কিছু নিয়ে ভাবিনি। শেষের দিকে যখন জানতে পারি ৫০ রানের পার্থক্য নিয়ে জিততে পারলে এক নাম্বার জায়গাটা ফিরে পাবো। তখন একটু মাথা ঘামিয়েছিলাম।’
/আরআই/এফআইআর/