‘ভুলে বাদ পড়া’ সৌম্যকে নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে ১৭ জন

প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো হাফসেঞ্চুরি করেছেন সৌম্যচুক্তির তালিকা কাটছাট করতে গিয়েই বাদ পড়েছেন সৌম্য। তবে তালিকা হালনাগাদ করার পর সৌম্যকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান ক্রিকেট নির্বাচক মিনহাজুল আবেদীন।

চলতি বছরের জন্য ১৬ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু  এই চুক্তিতে ছিলেন না সৌম্য সরকার। ২০১৮ সালে বাজে পারফরম্যান্সের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। কিন্তু গত বছর বাংলাদেশ দলে টানা খেলে যাওয়ার পাশাপাশি মোটামুটি পারফরম্যান্সের কারণে সৌম্যর কেন্দ্রীয় চুক্তিতে থাকার সম্ভাবনা ছিলই। কিন্তু রবিবার বোর্ড সভায় অনুমোদিত ১৬ ক্রিকেটারের তালিকায় নাম ছিল না তার। পরে অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন

ভুল বোঝাবুঝির কারণে সৌম্যর নামটা তালিকা থেকে বাদ পড়েছে। গত বছর তিন সংস্করণ মিলিয়ে  বাংলাদেশ খেলেছে ৩০ ম্যাচ। যার ২৫টিতেই ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।  মূলত কেন্দ্রীয় চুক্তির  তালিকা কাটছাট করতে গিয়েই বাদ পড়েছেন। প্রধান নির্বাচক জানালেন,  বিস্ফোরক এই ব্যাটসম্যান আদতে আছেন সীমিত ওভারের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে।

সৌম্যর অন্তভুর্ক্তির পর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। রবিবার তালিকা প্রকাশ করলেও এই তালিকায় কে কোন শ্রেণিতে আছেন সেটা প্রকাশ করেনি বিসিবি।