একটা সময়ে দাপটের সঙ্গে প্রিমিয়ার ক্রিকেট খেলেছে ওল্ডডিওএইচএস। সেসব এখন স্মৃতি। খালেদ মাহমুদ, আকরাম খান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলরা দলকে কয়েকবার চ্যাম্পিয়নও করেছিলেন। কিন্তু কালের আবর্তে দলটি এখন তলানিতে। তবে চলতি মৌসুমে প্রথম বিভাগ থেকে আবারও প্রিমিয়ারে উত্তীর্ণ হয়েছে ওল্ডডিওএইচএস। রবিবার লিজেন্ড অব রূপগঞ্জকে ২৫ রানে হারিয়ে লিগের প্রথম ম্যাচে জয়ও পেলো ওল্ডডিওেএইচএস। এ জয়ে যুব বিশ্বকাপজয়ী তিন খেলোয়াড় মাহমুদুল-রাকিবুল-অভিষেকের ভূমিকা্টাই বেশি।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৪৯ ওভারে ১০ উইকেটে ২৩০ রান করে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি। আনিসুল ইসলাম ও রাকিন আহমেদের ১০৬ রানের জুটিতে বড় রানের দিকেই এগিয়ে যাচ্ছিল দলটি।
তবে লেট অর্ডারের বিপর্যয়ে ২৩০ রানের সাদামাটা সংগ্রহ নিয়েই খুশি থাকতে হয় ওল্ডডিওএইচএসকে। যুব বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান ৩৫ বলে ৩৫ রান করেছেন। অভিষেক দাস করেছন ১৪ রান ও রাকিবুল হাসান ১।
২৩১ রানের জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ২০৫ রান তুলতেই অলআউট হয় লিজেন্ড অব রূপগঞ্জ। ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। সানজামুল ইসলাম ৪০ ও সোহাগ গাজী করেছেন ৩২ রান।
ব্যাটিংয়ে ব্যর্থ অভিষেক ও রাকিবুল বোলিংয়ে ছিলেন উজ্জ্বল। ৯ ওভারে ৪৪ রান দিয়ে অভিষেক তুলে নিয়েছেন ৪ উইকেট। আর বাঁহাতি স্পিনার রাকিবুল ২ উইকেট নিয়েছেন ২৮ রানে।
ফতুল্লায় দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে শুভসূচনা করেছে প্রাইম দোলেশ্বর। আগে ব্যাটিং করা তাইবুর রহমানের সেঞ্চুরিতে (১১০) সাত উইকেটে ২৩৮ রান করে প্রাইম দোলেশ্বর।
জবাবে ৪৯.৪ ওভারে ২৩০ রান করতেই থমকে যায় ব্রাদার্স ইউনিয়ন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর জুনায়েদ সিদ্দিক ও তুষার ইমরানের ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে তার। তুষার ইমরান আউট হন ৫১ রান। ফিফটি থেকে ৩ রান দূরে ডানহাতি পেসার রেজাউল রহমানের বলে এলবিডাব্লিউ হন জুনায়েদ। রেজাউল ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট, দলের জয়ে তার ভূমিকাটাই বড়।