মুশফিকদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

মুশফিকবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী নানা আয়োজনে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনাভাইরাসের কারণে ভেস্তে গেছে সবকিছু। যদিও আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঠিকই আবাহনীর ক্রিকেটাররা কেক কেটে উদযাপন করেছেন বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় একে একে সব ক্রীড়া ইভেন্ট বন্ধ হয়ে গেছে। যার প্রভাব বাংলাদেশের ক্রিকেটের ওপরও পড়েছে। মুজিববর্ষ উপলক্ষে ১৮ মার্চ ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এআর রহমানকে এনে শেরেবাংলা স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের পাশাপাশি ২১ ও ২২ মার্চ বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু সে সব বাতিল করতে হয়েছে তাদের।

করনোর কারণে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করা হয়েছে। যদিও হঠাৎই মিরপুরের মাঠে হাজির আবাহনীর ক্রিকেটাররা। অনুশীলন করতে নয়, এসেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করতে। দুপুরে ক্লাবটির সৌজন্যে মাঠেই খেলোয়াড়রা কেক কেটে উদযাপন করেছেন বিশেষ দিনটি।

আবাহনী ক্রিকেটার ও কমর্কতাদের সঙ্গে ছিলেন ক্লাবটির সমর্থকরাও। প্রধান কোচ খালেদ মাহমুদের নেতৃত্বে কেক কেটে মুশফিকুর রহিম ও অন্য ক্রিকেটাররা আনন্দ-উল্লাসে স্মরণীয় দিনটি স্মরণীয় করে রাখলেন।

আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটাকে (আবাহনী) শেখ কামালের ক্লাব বলা হয়। উনিই এটার প্রতিষ্ঠাতা। এর সঙ্গে উনার বাবা, বঙ্গবন্ধুর নাম জড়িত। শুধু আবাহনী না, পুরো বাংলাদেশের সঙ্গেই জাতির পিতার নাম জড়িত। স্বাধীনতায় ওনার অবদান কতখানি, সেটা পুরো বিশ্বই জানে। আজ ওনার শততম জন্মদিন। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানালাম। এটুকু করতেই আমরা মিরপুরে এসেছি।’