আর্চারের ভুলে ‘কোটি কোটি পাউন্ড’ ক্ষতি হতে পারতো ইংল্যান্ডের

ইংলিশ পেসার জোফরা আর্চারকরোনাভাইরাস বিরতির পর মাঠে প্রথম টেস্ট ফিরিয়েছে ইংল্যান্ড। এজন্য কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে শতভাগ সন্তুষ্ট করে এক মাসেরও বেশি সময় আগে জেসন হোল্ডারদের নিয়ে এসে শুরু করেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এত নিরাপত্তা, এত আয়োজন- সবকিছু ভেস্তে যেতে বসেছিল জোফরা আর্চারের ভুলে। তার বায়ো-সিকিউর বিধি ভাঙার খবরটা ম্যাচ চলাকালীন জানাজানি হলে এই সিরিজ তো বটেই, গ্রীষ্মের সব সিরিজই হয়ে পড়তো অনিশ্চিত। এতে স্বাগতিকদের ক্ষতি হতে পারতো কোটি কোটি পাউন্ড!

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিসি) ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস তেমন আশঙ্কার কথাই জানিয়েছেন। তবে বড় বাঁচা বেঁচে গেছে তারা। দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে স্কোয়াড থেকে আর্চারকে বাদ দিয়ে সন্তুষ্ট করতে পেরেছে ক্যারিবিয়ানদের।

তরুণ পেসারের ভুলে আর্থিক বড় ক্ষতি হওয়া আশঙ্কার কথা শুনিয়েছেন জাইলস, ‘ভয়ঙ্কর বিপর্যয় হতে পারতো। তার এই ছোট্ট কাণ্ডে পুরো গ্রীষ্মই শেষ হয়ে যেতে পারতো, ক্ষতি হতে পারতো কোটি কোটি পাউন্ড। আমরা পুরো বিষয় নিয়ে সতর্ক ছিলাম, কিন্তু আমার মনে হয় সে বিষয়টা পুরোপুরি বুঝতে পারেনি। আমরা পরিষ্কারভাবে বুঝেছিলাম এই প্রটোকল আসলে কী, কিন্তু হয়তো সে সঠিকভাবে বুঝতে পারেনি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তিন টেস্ট ও সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মাসেই ইংল্যান্ডে পৌঁছে আইসোলেশন ক্যাম্পে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এত আগে সফরকারী দলগুলোকে ইসিবির নিয়ে আসার উদ্দেশ্য একটাই- তাদের সন্তুষ্টি। করোনাকালে যেখানে জনজীবন স্থবির, সেখানে অন্য দেশকে নিয়ে এসে সিরিজ আয়োজন কতটা চ্যালেঞ্জিং, সেটা বলার অপেক্ষা রাখে না।

পরিকল্পনা অনুযায়ী যখন সব ঠিকঠাক চলছিল, ঠিক তখনই ভুল করে বসলেন আর্চার। প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন থেকে দ্বিতীয় টেস্টে ভেন্যু ম্যানচেস্টারে আসার পথে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে এসেছেন তিনি। বুধবার অনুশীলনের সময় এই পেসার কোনও এক স্টাফকে গল্পের ফাঁকে কথাটা বলে ফেলেন, তবে ওই স্টাফ বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে জানান মেডিক্যাল বিভাগকে। এরপর বৃহস্পতিবার সকালে আর্চারকে বাদ দেওয়া হয় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে।

পাঁচ দিনের আইসোলেশনে থাকা আর্চারের শাস্তি আরও লম্বা হতে পারে। তাছাড়া তৃতীয় টেস্টে তার খেলার সম্ভাবনাও কম। কারণ দ্বিতীয় টেস্টের পুরো সময়টা তাকে এমনিতেই মাঠের বাইরে কাটাতে হবে। ইসিবি শাস্তি দিলেও তার পাশেই আছে বলে জানিয়েছেন জাইলস, ‘জোফরা বুঝতে পারছে, আর সে কারণে ক্ষমাও চেয়েছে। তবে এতে পুরো দলই হতাশ। তার বয়স কম, তরুণরাই ভুল করে, আশা করছি সে ভুল থেকে শিখবে। আমরা ওকে সমর্থন দেবো এবং সামনে দিনগুলোর দিকে নজর দেবো। সে এবারই প্রথম এমন কোনও কিছু করলো।’