আগামী বছরের জানুয়ারিতে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও কোহলির ঘরে আসছে প্রথম সন্তান। গত আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মা হওয়ার সুখবর দেওয়ার সঙ্গে সময়টাও জানিয়ে দেন ভারতীয় তারকা দম্পত্তি। ইনস্টগ্রাম ও টুইটারে খবরটি জানান তারা একই লেখা পোস্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আলাদা অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা ছিল, ‘এখন থেকে আমরা তিনজন। আসছে ২০২১ সালের জানুয়ারিতে।’
তবে ওই সময় ভারতীয় দল থাকবে অস্ট্রেলিয়া সফরে, টেস্ট সিরিজের মাঝপথে। যে কারণে কোহলি আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে রেখেছেন, টেস্ট সিরিজ পুরোটা শেষ করা সম্ভব নয় তার, আনুশকার পাশে থাকতে সিরিজের মাঝপথেই ফিরতে চান দেশে। বিসিসিআই তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘২৬ অক্টোবর নির্বাচন কমিটির বৈঠকে বিরাট কোহলি বিসিসিআইকে জানিয়েছিলেন অ্যাডিলেডের প্রথম টেস্ট খেলেই তার ভারতে ফিরে আসার পরিকল্পনার কথা। বিসিসিআই ভারতীয় অধিনায়কের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন তিনি।’
অস্ট্রেলিয়া সফরে তিন ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। লম্বা এই সফর শুরু হবে ২৭ নভেম্বরের টি-টোয়েন্ট সিরিজ দিয়ে। এরপর ওয়ানডে শেষে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়া ছাড়বেন কোহলি।