পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ আজহার আলি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান তার পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে জানায় পাকিস্তানি গণমাধ্যম। শেষে জানা গেল পিসিবি চেয়ারম্যান তার পদত্যাগপত্র গ্রহণ না করায় আজহার আলিও অধিনায়কত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন!
২০১৫ বিশ্বকাপের পর মিসবাহ-উল হক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালে আজহারকে ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। সম্প্রতি মোহাম্মদ আমিরকে জাতীয় দলের ক্যাম্পে জায়গা দেওয়া হলে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও আজহার আলি তাতে যোগ দিতে অস্বীকৃতি জানান। যদিও পরে এই সমস্যার সমাধান হয়। দুজনই ক্যাম্পে ফিরেন।
এই ঘটনার পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন আজাহার। মঙ্গলবার পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আজহার আলি পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পদত্যাগপত্র জমা দেন। তবে চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দেননি। আজহার আলিও অধিনায়কত্ব চালিয়ে যেতে সম্মত হয়েছেন।’
প্রসঙ্গত, আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। সেখানে তারা কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
/এমআর/