সিরিজ বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা

সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর ফলে সিরিজ জয়ের আশা এখনও বাঁচিয়ে রাখল সফরকারীরা। তবে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে দিলশান-গুনাথিলাকার ৯৮ রানের উদ্বোধনী জুটি দুর্দান্ত সূচনা এনে দেয় শ্রীলঙ্কাকে। গুনাথিলাকার করেন ৪৫ বলে ৬৫ রান। ৪৫ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

দলীয় ৯৮ রানে গুনাথিলাকার বিদায় নিলে তিন নম্বর ব্যাটসম্যান থিরিমান্নের সঙ্গে ১১১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন দিলশান। আর এ জুটিই জয়ের পথে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। তবে দিলশান আউট হন ৯১ রানে।

বাকি কাজটুকু করেন দিনেশ চান্ডিমাল ও থিরিমান্নে। ১০৩ বলে ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ রানে অপরাজিত থাকেন থিরিমান্নে। আর চান্ডিমাল অপরাজিত থাকেন ২৭ রানে।

এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৬ রান করে কিউইরা। সর্বোচ্চ ৫৯ রান করেন কেন উইলিয়ামসন।

শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ ও জেফরি ভ্যান্ডারসে দুটি করে উইকেট নেন।

/এফআইআর/