তার নাম সৈয়দ মো. আলমগীর। কিন্তু মাঠে সবার কাছে আলমগীর ওস্তাদ নামেই বেশি পরিচিত। সেই বর্ষীয়ান কোচ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। বার্ধক্যজনিত কারণে গেণ্ডারিয়ার মিলব্যারাকের বাসায় রবিবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। স্থানীয় মসজিদে নামাজের জানাজা শেষে তার দাফন হওয়ার কথা।
সৈয়দ মো. আলমগীরের জন্ম কলকাতার খিদিরপুরে। স্বাধীনতার আগে ঢাকায় এসে ফুটবলে সম্পৃক্ত হয়েছিলেন। খেলেছেন ভিক্টোরিয়া-দিলকুশায়। মধ্যমাঠ ছিল তার পছন্দের পজিশন। স্বাধীনতার পর ইস্ট অ্যান্ড ক্লাব ঘুরে আশির দশকে বুট জোড়া তুলে রাখেন। এছাড়া ১৯৭৩ সালে মারদেকাগামী দলে সুযোগ পেয়েও শেষ দিকে বাদ পড়েছিলেন।
খেলোয়াড়ি জীবন শেষেই কোচিংয়ে আসেন তিনি। বিশেষ করে তৃণমূলেই বেশিরভাগ সময় কেটেছে তার। এই তো পাঁচ বছর আগেও সিনিয়র ডিভিশন ফুটবল লিগে একই সঙ্গে দুই ক্লাবের কোচের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। এছাড়া এখন প্রিমিয়ারে খেলা উত্তর বারিধারার কোচ হিসেবেও একসময় কাজ করেছেন।
সৈয়দ আলমগীরের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও নির্বাহী কমিটির সবাই শোক প্রকাশ করেছে।