শীতার্তদের পাশে ক্রীড়া সংগঠক বাবুর পরিবার

১৯৯৮ সাল থেকে ২০১৪। এই লম্বা সময় পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ছিলেন সামছুল ইসলাম বাবু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ ক'টি সাব কমিটির দায়িত্বও পালন করেছেন এই ক্রীড়া সংগঠক। যিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন টেস্টে বাংলাদেশের দুই দশক পূর্তির দিনে। তার স্মরণেই পরিবার এবং সুহৃদরা গঠন করেছে বাবু ফাউন্ডেশন।

যেই ফাউন্ডেশন কাজ করেছে মানবতার সেবায়। সেই ধারাতে গত রবিবার রাতে রাজধানীর বেশ কিছু জায়গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এই ফাউন্ডেশন। মরহুম বাবুর মাতা নাজমা ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের গায়ে তুলে দিয়েছেন এই কম্বল।

এই ফাউন্ডেশন পথশিশুদের শিক্ষা উপকরণ, শিক্ষা সহায়তা এবং দুঃস্থ ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তাতেও কাজ করবে বলে জানিয়েছেন সদস্য ও ক্রিকেট সংগঠক সাব্বির আহমেদ রুবেল।