শীতের মৌসুম চললেও ঢাকায় এখন পর্যন্ত ঠান্ডা বাতাস কিংবা ঘন কুয়াশার খুব একটা দেখা মেলেনি। তবু আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল সাড়ে ১১টায়। অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।
যদিও সময় এগিয়ে আনার কারণ হিসেবে বিসিবি শিশিরের বিষয়টি সামনে আনেনি। রবিবার এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনেক বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাই ম্যাচের সূচিটা সেভাবেই করা হয়েছে।
সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।
সিরিজ খেলতে রবিবার সকালে ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামী তিন দিনে দুইবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। দুইবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা তিন দিন পর অনুশীলন শুরু করতে পারবেন। এ ব্যাপারে প্রধান নির্বাহী জানালেন, ‘আমাদের নির্ধারিত যে কোভিড প্রটোকল আছে, সেই অনুসারে তারা হোটেলে অবস্থান করছেন। আগামীকাল তাদের একটা টেস্ট হবে। এরপর আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরেকটা টেস্ট হবে। পর পর দুইটা করোনা টেস্টে নেগেটিভ হলেই সরকারের অনুমতি সাপেক্ষে তারা অনুশীলনের জন্য মাঠে আসতে পারবেন।’
গত সপ্তাহে ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন ঢাকায় পৌঁছালেও তাদের থাকতে হচ্ছে হোটেলবন্দি হয়ে। ব্রিটিশ নাগরিক হওয়ার কারণে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। যদিও বিসিবি চেষ্টা করছে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সুরাহা করতে। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের যেসব ব্রিটিশ নাগরিক এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ সফর করবেন, তাদের জন্য কোভিড প্রোটোকলের জন্য কিছু বিধিনিষেধ আছে। এ ব্যাপারে ইতোমধ্যে সরকারের কাছে আমরা আবেদন করেছি। খুব শিগগির হয়তো আমরা অনুমোদনটা পেয়ে যাবো। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, পরপর দুইটা টেস্টে নেগেটিভ হওয়ার পর সরকারের অনুমতি সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।’