ওয়ানডে সিরিজ জিততে এসেছে ওয়েস্ট ইন্ডিজ

করোনাভাইরাসের শঙ্কায় নিয়মিত স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের সঙ্গে টানা ৫ ম্যাচ জিততে পারেনি ক্যারিবিয়ানরা। এবার এসেছে খর্ব শক্তির দল নিয়ে। সব দিক বিবেচনায় নিয়ে স্বাগতিকদের ফেভারিট মানছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। তবে ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যের কথাও শুনিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার) জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশ নেন সিমন্স। সেখানেই বাংলাদেশকে ফেভারিট ঘোষণা ক্যারিবিয়ান কোচের, ‘বাংলাদেশ পরিষ্কার ফেভারিট। কারণ তারা ঘরের মাঠে ভালো খেলে। আমরা এর সঙ্গে কখনও দ্বিমত করবো না।’

বাংলাদেশকে ফেভারিট মানলেও নিজেদের লক্ষ্যের কথাও জানিয়েছেন সিমন্স। দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে তরুণ দল নিয়ে আসা ক্যারিবিয়ান কোচ সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন, ‘যেকোনও সিরিজ খেলার আগে লক্ষ্য থাকে সিরিজ জয়ের। প্রতিটি দল তাদের ঘরের মাঠে ভালো খেলে। সেদিক থেকে কাজটা সহজ হবে না। তবে প্রথম দায়িত্ব হচ্ছে সিরিজ জয় করা। দ্বিতীয়ত, আমাদের ক্রিকেটারদের প্রস্তুত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা যদি ভালো প্রস্তুতি নিতে পারি, তাহলে ঢাকা ও চট্টগ্রামে ভালো করার সুযোগ থাকবে।’

সিমন্স আরও যোগ করেছেন, ‘আমরা ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যই ক্যারিবিয়ান ছেড়েছি। আপনারা হয়তো বলছেন আমাদের পুরো দল নেই, কিন্তু আমাদের এমন একটি দল আছে যারা এই কন্ডিশনে জয়ের জন্য ক্ষুধার্ত।’

করোনার অজুহাতে বাংলাদেশ সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা। নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে আসছেন না ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান। এদের সঙ্গে ব্যক্তিগত কারণে সফরসঙ্গী হননি ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ। এর ফলে বাংলাদেশ সফরে খর্ব শক্তির দলে পরিণত হয়েছে ক্যারিবিয়ানরা। এমন দলকে কীভাবে অনুপ্রাণিত করা সম্ভব? সিমন্স বলছেন, ‘এই ছেলেদের অনুপ্রাণিত করা কঠিন না। এখানে যারা আছে তাদের সবাই সাফল্যের জন্য ক্ষুধার্ত। তারা জায়গা দখল করতে চায়। আগেও বলেছি, এই বছর আমাদের অনেক খেলা আছে। সবাই সেদিক থেকে বেশ অনুপ্রাণিত।’

অভিজ্ঞতা ব্যবধান গড়ে দিতে পারে কিনা, এমন প্রশ্নে উইন্ডিজ কোচের উত্তর, ‘অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু সময় উৎসাহ এবং জয়ের ক্ষুধা অভিজ্ঞতাকে পরাস্ত করে। আমাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, যা দিয়ে আমরা সাফল্য পেতে আত্মবিশ্বাসী।’

উপমহাদেশের পিচ স্পিন নির্ভর। বিষয়টি জেনেও ক্যারিবীয় দলে খুব ভালো মানের স্পিনার নেই। এ ব্যাপারে সিমন্স বললেন, ‘আমার মনে হয় আমরা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি। তিন স্পিনার, তিন ফাস্ট বোলার আছে আমাদের। একজন পেস বোলিং অলরাউন্ডার আছে। আমাদের দলে সব দিক থেকেই ভারসাম্য আছে।’

ওয়েস্ট ইন্ডিজের কোচ ওয়ানডে সিরিজে স্পোর্টিং উইকেট আশা করছেন, ‘আমি এখানে ভিন্ন দল নিয়ে এর আগেও এসেছি। আমরা এখানে ভালো ওয়ানডে পিচ পেয়েছিলাম। আমরা এই সিরিজেও ভালো পিচ (স্পোর্টিং) আশা করছি।’