জাতীয় দলের নির্বাচক কমিটিতে দীর্ঘ দিন ধরে শূন্য হয়ে ছিল একটি পদ। সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাককে নিয়োগ দিয়ে তৃতীয় নির্বাচকের সেই পদটি পূরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এখন থেকে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার। নির্বাচক প্যানেলে নতুন আরেকজনকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
রবিবার সংবাদ মাধ্যমকে প্রধান নির্বাচক বলেছেন, ‘ওর (রাজ্জাক) জন্য শুভকামনা থাকবে। আমরা যেভাবে কাজ করছি, ও সেভাবেই কাজ করবে। নিজেদের অভিজ্ঞতাটা তার সঙ্গে শেয়ার করতে পারবো। ওর খেলোয়াড়ি ক্যারিয়ারও অনেক সফল। তাই আমি মনে করি নির্বাচক হিসেবেও সে সফল হবে।’
জাতীয় দল ছাড়াও ‘এ’ দল, এইচপি টিম, জাতীয় লিগ, বিপিএলের দল নির্বাচনে নির্বাচকদের কাজ করতে হয়। ২০১৭ সালের আগস্ট থেকে নান্নু ও হাবিবুল কাজগুলো করে আসছিলেন। এর আগে তৃতীয় নির্বাচক ছিলেন সাজ্জাদ আহমেদ শিপন। কাজের জায়গা বৃদ্ধি পাওয়ায় একজন তৃতীয় নির্বাচকের চাহিদা তৈরি হয়েছিল। এখন রাজ্জাক যোগ দেওয়ায় তিন জন মিলে আলোচনার মাধ্যমে সেরা একটি দল নির্বাচন করার প্রত্যয় নান্নুর কণ্ঠে, ‘সব সময় আলোচনার মাধ্যমে দল গঠন করা অবশ্যই ভালো। কারণ আলোচনা যদি না থাকে, তাহলে কাজ করা কঠিন। এখন তিনজন আছি, সবাইকেই ক্রিকেট ফলো করতে হয়। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, এজন্য তিনজন থাকাটা জরুরি।’