জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হচ্ছে রনির!

দুর্দান্ত পারফরম্যান্স করে ২১টি উইকেট নিয়ে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন আবু হায়দার রনি। যার পুরস্কার হিসেবে ২৭জনের প্রাথমিক ক্যাম্পেও জায়গা পেয়েছেন নেত্রকোনার এই তরুণ। এবার তার জন্য নতুন চমক অপেক্ষা করছে! বিসিবি সূত্রে জানা গেছে আসন্ন জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজে অভিষেক হতে যাচ্ছে রনির। আবু হায়দার রনি

১৪ জানুয়ারি থেকে শুরু হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই এশিয়াকাপও হবে একই ফরম্যাটে। মূলত ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ২টি টুর্নামেন্টে বাংলাদেশ দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ। এছাড়া বিশ্বকাপের জন্য একটি লড়াকু দল বেছে নেয়ারও মোক্ষম সুযোগ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এই সিরিজটি। নির্বাচকরা চাচ্ছেনও তাই।

সে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই একজন নতুন ও তরুণ প্রতিভাকে দলে রাখতে চাচ্ছেন নির্বাচকরা। হিসেব অনুসারে আবু হায়দার রনির সম্ভাবনাই বেশি।

এই বিষয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘আসলে বিশ্বকাপের আগে আমাদের সামনে রয়েছে জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়াকাপ। যে কারণে আমাদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। আমরা সেটি করবো। আশা করি দলে ২-১ জন নতুন মুখ থাকবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ সদস্যের দল নিয়ে আরেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে ১৪ সদস্যের দল বোর্ডে জমা দিয়েছি। এখন বোর্ড সভাপতির অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। দলে নতুন মুখ থাকতে পারে ২-১জন।’

অন্যদিকে শোনা যাচ্ছে বিপিএলে ব্যর্থতার কারণে জিম্বাবুয়ে সিরিজে দল থেকে বাদ পড়তে পারেন তরুণ প্রতিভা লিটন কুমার দাস। তার পরিবর্তে দলে আসতে পারেন অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি, কিংবা তরুণ নুরুল হাসান সোহান। তবে মাশরাফির নেতৃত্বে তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও আরাফাত সানি থাকছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইনজুরি আক্রান্ত পেসার কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ অনেকটা সুস্থ হলেও তাদের বিকল্প হিসেবে দলে রনির থাকার সম্ভাবনা বেশি।

/আরআই/এমআর/