একদিন আগে নয়, পরে বাংলাদেশ দলে যোগ দেবেন ভেট্টরি

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ছাড়েন ড্যানিয়েল ভেট্টরি। করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় এই কিউই স্পিন বোলিং কোচকে পায়নি বাংলাদেশ। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে। এবারের সিরিজটি যেহেতু তার দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে, তাই বাংলাদেশ দলে ফিরছেন এই স্পিন কোচ। বাংলাদেশ কুইন্সটাউনে যাওয়ার একদিন আগেই সেখানে পৌঁছানোর কথা ছিল তার, তবে এখন জানা গেল ভেট্টরি সেখানে যাবেন তামিমদের পৌঁছানোর একদিন পর।

বুধবার সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। যেহেতু ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে, ফলে বৃহস্পতিবার থেকে স্বাধীনভাবে ঘুরতে আর কোনও বাধা থাকবে না ক্রিকেটারদের। বৃহস্পতিবার থেকে কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প শুরু হবে। ওখানেই দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি।

ভেট্টরির দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম লিডার জালাল ইউনুস। তবে বাংলাদেশ স্পিন কোচ একদিন পর যোগ দেবেন। জামাল বলেছেন, ‘কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি। তবে দল যাওয়ার একদিন পর যোগ দেবেন তিনি। সূচি অনুযায়ী, পুরো দল কুইন্সটাউন যাওয়ার আগে আজই (মঙ্গলবার) ভেট্টরির কুইন্সটাউন যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রোটোকলে কড়াকড়ির কারণে একদিন দেরি করে দলের সঙ্গে যুক্ত হবেন ভেট্টরি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি ভেট্টরির। দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডে ২০ থেকে ২২ দিনের মতো মিরাজদের নিয়ে কাজ করবেন ভেট্টরি। দৈনিক আড়াই হাজার ডলার বেতন নেওয়া ভেট্টরি ১০০ দিনের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ৬০ দিন শেষ হয়েছে তার।

কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্পের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ যুক্ত হয়েছে। এরপর ১৮ মার্চ ডানেডিন যাবে বাংলাদেশ দল। সেখানে ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবারাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।