ঢাকা প্রিমিয়ার লিগের ফরম্যাট বদলে যাচ্ছে!

গত বছরের মার্চে প্রথম রাউন্ড শেষ হতেই ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যায়। করোনার কারণে মাত্র একটি রাউন্ড মাঠে গড়িয়েছিল। একবছর পর প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে স্থগিত হওয়া লিগটি ৫০ ওভারের নয়, হবে কুড়ি ওভারের! আজ (মঙ্গলবার) এমনটাই আভাস দিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা। লঙ্কানদের সফর শেষে প্রিমিয়ার লিগ আয়োজনের চিন্তা-ভাবনা সিসিডিএমের। কুড়ি ওভারের ফরম্যাটে লিগ হলেও নতুন করে দলবদল হবে না। গত লিগের দলবদলেই ২০২১ প্রিমিয়ার লিগ আয়োজনের কথা ভাবছে তারা। আজ শেরেবাংলা স্টেডিয়ামে সিসিডিএম, বিসিবি ও ক্রিকেট অপারেশনসের উচ্চ পর্যায়ের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কবে এবং কোন ফরম্যাটে প্রিমিয়ার লিগ আয়োজন করা সম্ভব, সেই সব নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনা শেষে এক অডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, ‘আমাদের মূল চিন্তাটা হচ্ছে খেলোয়াড়দের নিয়ে। এখানে ২০০ জনের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। এটাই কিন্তু অনেক খেলোয়াড়ের মেইন রুটি-রুজির জায়গা। সব মিলিয়ে তাই আমাদের ভাবনা কত তাড়াতাড়ি আমরা লিগটা মাঠে গড়াতে পারি। গত বছর করোনার কারণে প্রিমিয়ার লিগের একটা ম্যাচের পর লিগ বন্ধ করে দিতে হয়েছিল। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা আমরা সেটিকে কীভাবে চালু করতে পারি।’

সময় স্বল্পনার কারণে সিসিডিএম ২০ ওভারের লিগ আয়োজনের পক্ষে। এর পাশাপাশি অক্টোবর-নভেম্বরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছে তারা। বিশ্বকাপের পূর্ব প্রস্তুতি এবং চার সপ্তাহেরও কম সময়ে লিগ শেষ করতে টি-টোয়েন্টি ফরম্যাটে আগ্রহী সিসিডিএম।

বিশ্বকাপের প্রসঙ্গ না আনলেও সময় স্বল্পতার বিষয়টি সামনে আনলেন কাজী ইনাম, ‘যেহেতু গত বছর ক্লাবগুলোর সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হয়েছে। ক্লাবগুলোও কিছু পেমেন্ট ক্রিকেটারদের করে ফেলেছে। এর বাইরেও মে-জুন মাসে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা নেই। ওই সময় লিগ আয়োজনের পক্ষে আমরা। তবে ওই সময় লিগ আয়োজনে আমাদের কিছু বিষয় কনসিডার করতে হবে। হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াতে পারে লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ এর আগেও আমরা ওয়ানডে ফরম্যাটে করার পর, টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছি। এবার হয়তো আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করবো।’

সামনের সপ্তাহের শুরুর দিকে ১২ ক্লাবের সঙ্গে বসে সবকিছু চূড়ান্ত করার কথা শোনালেন সিসিডিএম প্রধান, ‘যদিও লিগের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও সবকিছু আলাপ-আলোচনার মধ্যে আছে। ক্লাবগুলোর সঙ্গে আগে বসতে হবে। সব ক্লাবের মতামত আগে আমরা নেবো। ক্লাবগুলোর সঙ্গে সামনের শনিবার কিংবা রবিবার মিটিং করবো। এরপর বোর্ডেরও একটা দিক-নির্দেশনা আছে। সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’