তরুণ ক্রিকেটাররা কেন ‘আদর্শ’ মানেন মুশফিককে?

কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর ফিটনেস- এসব দিক থেকে এখনকার ক্রিকেট বিশ্বে আদর্শ মনে করা হয় বিরাট কোহলিকে। তবে বাংলাদেশে ব্যাপারটা ভিন্ন, দেশের বেশিরভাগ ক্রিকেটারের আদর্শ মুশফিকুর রহিম। জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিকোলাস লি এমনটাই মনে করেন।

বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় কে? এক বাক্যে উত্তরটা আসবে- মুশফিকুর রহিম। সেই ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে অনুশীলনেও তিনি থাকেন ম্যাচের মতো ‘সিরিয়াস’। পরিণত হয়েছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে। যাকে আদর্শ মানেন অনেক তরুণ ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় নিকোলাস লি’র কণ্ঠে ঝরলো মুশফিকের প্রশংসা, ‘আমি অন্য অনেক দলেই কাজ করেছি। তবে এই দলটির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তারা খুব পরিশ্রমী। দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের অনেক তরুণ ক্রিকেটারকে আপনি জিজ্ঞেস করলে তারা  মুশফিককে অনুসরণের কথা বলবে। দলের তরুণরা বুঝতে শিখেছে, এই যুগে শারীরিক ফিট থাকাটা কতটা গুরুত্বপূর্ণ।’

গত বছর মুশফিকের প্রশংসা করে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বলেছিলেন, ‘মুশফিক ফিটনেসের দিক থেকে নিজেকে যেভাবে সামলায় তা অবিশ্বাস্য। সে এমন একজন, যাকে অনুসরণ করা যায়। হ্যাঁ, বিরাট কোহলি অবশ্যই উদাহরণ সৃষ্টি করেছে। মুশফিকও বাংলাদেশ দলে অনেক তরুণ ক্রিকেটারের আদর্শ হতে পারে।’

ক্রিকেটারদের ফিটনেসের গুরুত্ব বোঝাতে গিয়ে নিকোলাস বলেছেন, ‘একজন ক্রিকেটার যতটা ফিট থাকবে, সে মাঠে তত বেশি পারফরম্যান্স করতে পারবে। শুরুতে নিজেকে ফিট করতে কিছুটা কষ্ট হয়তো করতে হয়। কিন্তু একবার ফিটনেসের উন্নতি হয়ে গেলে, সবাই এই কাজটি উপভোগ করে। ক্রিকেটারদের এ ব্যাপারে ভালো ধারণা দিতে পারলে তারা সত্যিকার অর্থেই ফিটনেস উপভোগ করবে।’