আইরিশদের বিপক্ষে অপ্রতিরোধ্যই থাকলো বাংলাদেশ

লংগার ভার্সন, ওয়ানডে সিরিজের মতো এক ম্যাচের টি-টোয়েন্টিতেও অপ্রতিরোধ্য দেখা গেলো বাংলাদেশ ইমার্জিং দলকে। মঙ্গলবার সফরকারী আয়ারল্যান্ডকে ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানের দল। শুরুতে দুটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও নিজ দেশের করোনা বিধির বাধ্যবাধকতায় একটি টি-টোয়েন্টি বাতিল করা হয়েছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ইমার্জিং দল। তাতে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ২৪ রানে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারালেও মিডল অর্ডারের দৃঢ়তায় বড় সংগ্রহ দাঁড় করাতে কোনও সমস্যা হয়নি। বিশেষ করে চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয় ও সাইফ হাসানের ৫২ রানের জুটিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিনায়ক সাইফ ২ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় সাইফ নিজের ইনিংসটি সাজিয়েছেন।

সাইফের বিদায়ের পর শামীমকে সঙ্গে নিয়ে আরেকটি জুটির দিকে এগিয়ে যেতে থাকেন হৃদয়। ১১ বলে ২৮ রানের ছোট ঝড় তোলে আউট হন শামীম। তার আউটের পরই মূলত ২০০ রান করার স্বপ্নটা ফিঁকে হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করতে সম্মত হয় বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। তিনি ৩৫ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ইয়াসির আলী খেলেন ২২ রানের ইনিংস।

১৮৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে কেবল লরকান টাকারের ব্যাট থেকে। ২২ বলে ৩৮ রান করেন আইরিশ উইকেটকিপার ব্যাটসম্যান। এছাড়া স্টিফেন ডোহেনির ব্যাট থেকে আসে ২৯ রান।

৩.১ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান সুমন খান। এছাড়া তানভীর ও আমিনুল দুটি করে এবং শামীম ও সাইফ একটি করে উইকেট নিয়েছেন।